রাজ্যের খবর

Duare Doctor Scheme: মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবার বালুরঘাটেও শুরু হল ‘দুয়ারে ডাক্তার’!

এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করে হাজারেরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন।

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চালু হওয়া ‘দুয়ারে ডাক্তার’ কর্মসূচি মঙ্গলবার শুরু হল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকে। ব্লকের প্রত্যন্ত শরণ গ্রাম এলাকা থেকে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয়। এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করে হাজারেরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন।মঙ্গলবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, বালুরঘাটের বিডিও সোহম চৌধুরী, ডেপুটি সিএমওএইচ (CMOH), বালুরঘাট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পিন্টু রায়-সহ স্বাস্থ্য দফতরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

তাঁদের উপস্থিতিতেই চিকিৎসা শিবিরের কাজকর্ম শুরু হয়।এই ‘দুয়ারে ডাক্তার’ শিবিরে সাধারণ চিকিৎসার পাশাপাশি একাধিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও ছিল। রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা পরীক্ষা, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ প্রদান করা হয়। প্রত্যন্ত এলাকার বহু মানুষ, যাঁরা আর্থিক বা যাতায়াতের সমস্যার কারণে নিয়মিত হাসপাতালে যেতে পারেন না, তাঁরা এই পরিষেবায় বিশেষভাবে উপকৃত হন।চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি সাধারণ মানুষ। শরণ গ্রামের বাসিন্দাদের একাংশ জানান, এত কাছাকাছি ও এত সহজে চিকিৎসা পাওয়া তাঁদের কাছে বড় স্বস্তির। অনেকের মতে, এই ধরনের উদ্যোগ গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও মজবুত করবে।

এই প্রসঙ্গে বালুরঘাট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পিন্টু রায় বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা রাজ্যজুড়ে ‘দুয়ারে ডাক্তার’ পরিষেবা শুরু হয়েছে। তারই অঙ্গ হিসেবে আজ আমাদের বালুরঘাট ব্লকে এই কর্মসূচির সূচনা হল। শরণ গ্রাম এলাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে ব্লকের অন্যান্য এলাকাতেও এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে।”প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষকে এই পরিষেবার আওতায় আনার লক্ষ্যেই ব্লকজুড়ে ধারাবাহিকভাবে ‘দুয়ারে ডাক্তার’ কর্মসূচি চালু থাকবে।

Related Articles