Vitamin C skin benefits: সেরাম বা ক্রিম নয়, ত্বকের পরিচর্যায় কোন উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ, কী তথ্য উঠে এল গবেষণায়
নিউজিল্যান্ড ও জার্মানির ২৪ জনের ওপর গবেষণা চালানো হয়।
Truth of Bengal: উজ্জ্বল মসৃণ ত্বক পাওয়ার ইচ্ছে সকলেরই থাকে। ত্বকের পরিচর্যা করতে নামি-দামি বিউটি প্রোডাক্ট ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু ত্বক ভালো রাখতে সেরাম, ক্রিম, লোশন নয়, ত্বকের পরিচর্যা সবচেয়ে বেশি পরিমাণে দরকার ভিটামিন সি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ইউনিভার্সিটি অফ ওটাগোর আর জার্মানির একদল গবেষকের করা গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। গবেষণায় দেখা গেছে, ত্বক কতটা পুরু হবে তার সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে ভিটামিন সি’র। ত্ব। কে ভিটামিন সি’র মাত্রার সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে রক্তনালির। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে ত্বকের ভিটামিন সি’র মাত্রা বাড়ে। এতে কোলাজেন প্রোটিনের পরিমাণ বাড়ে। ত্বক পুরু হবে।
নিউজিল্যান্ড ও জার্মানির ২৪ জনের ওপর গবেষণা চালানো হয়। তাঁদের ৮ সপ্তাহ রোজ ২টো করে সানগোল্ড কিউয়ি ফল খেতে বলা হয়। এতে তাঁদের রক্তের প্লাজমা ভিটামিন সি’র মাত্রা বাড়ে। জার্নাল অফ ইনভেস্টিগেটিভ ডার্মাটেলজিতে প্রকাশিত হয়েছে গবেষণা রিপোর্ট। গবেষণার আগে ত্বকের নমুনা সংগ্রহ করা হয়। ফল খাওয়ার পর ত্বকের বেসাল ও আউটার ডার্মাল স্কিন লেয়ারের নমুনা সংগ্রহ করা হয়। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ত্বকের বেসাল স্তর পরীক্ষা করা হয়। জার্মানিতে ত্বকের আউটার ডার্মাল লেয়ার ও স্কিন ফাংশন টেস্ট করা হয়। ত্বক কতটা পুরু, কতটা টানটান ভাব আছে, অতিবেগুনি রশ্মির হাত থেকে কতটা রক্ষা পাবে আর ত্বকের নতুন কোষ কতটা তাড়াতাড়ি গড়ে ওঠে তা পরীক্ষা করে দেখা হয়। গবেষণায় দেখা গেছে, ভিটামিন সি সমৃদ্ধ সানগোল্ড কিউয়ি ফল খেয়ে অংশগ্রহণকারীদের ত্বকের প্রধান উপাদান কোলাজেন প্রোটিনের পরিমাণ বেড়েছে আর নতুন কোষও তৈরি হয়েছে।
ত্বকের রক্ষাকবচের ভূমিকা পালন করে কোলাজেন প্রোটিন। ত্বককে নরম, মসৃণ ও টানটান রাখতে সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোলাজেন প্রোটিনের পরিমাণ কমতে শুরু করে। পাশাপাশি, সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি, মানসিক উদ্বেগ, বায়ুদূষণ ও ধূমপানের কারণেও কোলাজেন প্রোটিনের পরিমাণ কমে। গবেষকদের মতে, কমলালেবু, মুসম্বি লেবু, পাতিলেবু, বেরি, আঙুর, ক্যাপসিকাম, ব্রকোলির মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। ভিটামিন সি আমাদের শরীরে সঞ্চিত থাকে না তাই রোজ ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে।






