যুবসাথী চালু হলেও বন্ধ হচ্ছে না যুবশ্রী, স্পষ্ট করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
যুবশ্রী প্রকল্প মূলত একধরনের বেকার ভাতা।
Truth of Bengal: যুবসাথী প্রকল্প চালু হলেও যুবশ্রী প্রকল্প বন্ধ হচ্ছে না—এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। যুবসাথী ঘোষণা হওয়ার পর বেকার যুবক-যুবতীদের নিয়ে বিরোধীদের কুৎসা ও বিভ্রান্তিকর প্রচারের কড়া সমালোচনা করেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যুবসাথীকে দৈনিক ৫০ টাকা করে ‘ভাতা’ বলে কটাক্ষ করার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, যে দেশের প্রধানমন্ত্রী বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বছরে মাত্র দুই লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন না, বরং নবরত্ন সংস্থাগুলি বিক্রি করে দেন,তাঁদের মুখে বেকারদের নিয়ে এই ধরনের মন্তব্য মানায় না।
এরপর অর্থমন্ত্রী জানান, যুবশ্রী প্রকল্প মূলত একধরনের বেকার ভাতা। এই প্রকল্পে ইতিমধ্যেই প্রায় ১২ লক্ষ যুবক-যুবতীকে মোট ১৮০ কোটি টাকা দেওয়া হয়েছে। একজন উপভোক্তা সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। যুবশ্রী প্রকল্পটি শ্রম দপ্তরের অধীনে পরিচালিত হয় বলেও জানান তিনি।নতুন ঘোষিত যুবসাথী প্রকল্পের ব্যাখ্যা দিতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মাধ্যমিক উত্তীর্ণ যুবক-যুবতীদের উৎসাহিত করতেই মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করেছেন। পাঁচ বছর পর্যন্ত এই আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি তিনি স্পষ্ট করেন, কন্যাশ্রী বা বিবেকানন্দ মেধা স্কলারশিপের মতো শিক্ষা সংক্রান্ত ভাতা পেলেও যুবসাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।






