কলকাতা

হবু স্ত্রীকে নিয়ে ট্রোলিং-মিমের বন্যা, ক্ষোভ উগরে দিলেন দেবাংশু

সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলে একটি শব্দের পরিবর্তন করতেই তাঁকে নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা

Truth of Bengal: রাজনীতির ময়দানে আপাতত সক্রিয় নন তিনি। গত ছ’মাসে রাজনৈতিক হোক বা অরাজনৈতিক, কোনও কর্মকাণ্ডেই বিশেষভাবে দেখা যায়নি তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলে একটি শব্দের পরিবর্তন করতেই তাঁকে নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। সেই সঙ্গে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তাঁর হবু স্ত্রীও। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মিম, ট্রোল ও কটাক্ষ ছড়িয়ে পড়তেই এবার ক্ষোভ উগরে দিলেন দেবাংশু। সরাসরি কারও নাম না করেই ট্রোলারদের উদ্দেশে একের পর এক ব্যঙ্গাত্মক মন্তব্য ছুড়ে দিয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দীর্ঘ পোস্ট করে দেবাংশু প্রশ্ন তুলেছেন, রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই এমন একজন মহিলাকে অকারণে বিদ্রূপ করে কী লাভ? তাঁর হবু স্ত্রীকে নিয়ে যাঁরা বিভিন্ন ধরনের মিম ও পোস্ট তৈরি করছেন, তাঁদের উদ্দেশে কটাক্ষ করে তিনি জানতে চেয়েছেন, এসব করে কি তাঁরা দু’কিলো বেশি পুণ্য অর্জন করছেন? নাকি স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ার মতো কোনও বিশেষ কৃতিত্ব অর্জন করছেন?

ট্রোলারদের উদ্দেশে আরও বিদ্রূপের সুরে দেবাংশু লিখেছেন, ভবিষ্যতে হয়তো তাঁদের নাতি-নাতনিদের কাছে গর্ব করে বলতে হবে, একসময় তাঁরা দেবাংশুর হবু স্ত্রীকে নিয়ে মিম তৈরি করেছিলেন। আর সেই পোস্টে বিপুল সংখ্যক রিচও এসেছিল! এই মন্তব্যের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণকে কেন্দ্র করে একাংশের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নিজেকে ঘিরে দীর্ঘদিনের আগ্রহের প্রসঙ্গও টেনেছেন তৃণমূলের এই নেতা। তাঁর দাবি, ২০১৯ সাল থেকে তাঁকে নিয়ে একাংশের মানুষের আগ্রহ এখনও একইরকম রয়েছে। তিনি রাজনীতিতে সক্রিয় থাকুন বা না থাকুন, তাঁকে কেন্দ্র করে চর্চা থেমে নেই। গত ছ’মাসে কোনও রাজনৈতিক বা অরাজনৈতিক কর্মকাণ্ডে বিশেষভাবে দৃশ্যমান না থাকার পরেও শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি শব্দ বদল করতেই বেশ কিছু পেজ ও প্রোফাইলে তৎপরতা বেড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে রসিকতা করে দেবাংশুর মন্তব্য, আগে জানলে প্রতিদিন একবার করে প্রোফাইল এডিট করতেন!

তবে গোটা ঘটনায় তাঁর সবচেয়ে বেশি আপত্তি হবু স্ত্রীকে ব্যক্তিগত আক্রমণের নিশানা করা নিয়ে। দেবাংশুর বক্তব্য, ওই তরুণীর রাজনীতির সঙ্গে কোনও যোগ নেই। তা সত্ত্বেও তাঁকে অকারণে রাজনৈতিক বিতর্ক ও ট্রোলিংয়ের মধ্যে টেনে আনার কোনও অর্থ হয় না। কারও ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে বিদ্রূপ না করে ইন্টারনেটকে বরং সমাজের কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন তিনি। এমনকী, অকারণে ইন্টারনেট ব্যবহার করে নারকেল গাছের চড়ুই পাখিদেরও মানসিক অবসাদগ্রস্ত করে না তোলার পরামর্শ দিয়ে নিজের স্বভাবসিদ্ধ রসিকতাতেও খোঁচা দিয়েছেন ট্রোলারদের। অন্যদিকে, তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো মানুষদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেবাংশু। তাঁর দাবি, দক্ষিণপন্থী, মধ্যপন্থী ও বামপন্থী—বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের দলের নেতৃত্বের কাছ থেকেও ব্যক্তিগতভাবে শুভেচ্ছাবার্তা পেয়েছেন তিনি। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও মানুষের ভালোবাসা ও আশীর্বাদ সঙ্গে থাকবে বলে আশা প্রকাশ করেছেন তৃণমূলের এই তরুণ নেতা।

Related Articles