যাদবপুরের বিজেপি বিধায়িকার ছবি বিকৃত করার অভিযোগ! “দিমাগি নকশালরা করছে”, তোপ শর্বরীর
যাদবপুরের বিজেপি বিধায়িকার ছবি বিকৃত করার চক্রান্ত! ব্যানার ও কাটআউটে গোঁফ এঁকে চরম অপমান!
Truth of Bengal: দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগান এলাকায় যাদবপুরের বিজেপি বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়ের ছবি বিকৃত করার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। বিজয়ার শুভেচ্ছা জানিয়ে বিজেপির পক্ষ থেকে ওই এলাকায় একটি ব্যানার ও কাটআউট লাগানো হয়েছিল। অভিযোগ, রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী ওই ব্যানারে থাকা বিধায়িকার ছবিতে স্কেচ পেন দিয়ে গোঁফ এঁকে দেয় এবং দাঁত কালো করে দেয়। এই জঘন্য ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
পরদিন সকালে বিষয়টি স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীদের নজরে আসতেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার তীব্র নিন্দা করে বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায় বলেন, “প্রধানমন্ত্রীর ছবিকে বিকৃত করা ‘দিমাগি নকশালরা’ই আমার ছবিকে বিকৃত করে নিজেদের রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয় দিয়েছে।” তাঁর আরও দাবি, যাদবপুরের লক্ষাধিক মানুষ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাঁর ছবি বিকৃত করার অর্থ আদতে সেই গণতান্ত্রিক জনাদেশকেই চরম অপমান করা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোষী দুষ্কৃতীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা চলছে। তবে তদন্তে সাময়িক বাধা সৃষ্টি হয়েছে, কারণ যে বাড়ির দেওয়ালে বা বাইরে ক্যামেরাটি লাগানো রয়েছে, সেই বাড়ির মালিক বর্তমানে শহরের বাইরে বেড়াতে গিয়েছেন। বাড়ির মালিক ফিরে এলেই ফুটেজ সংগ্রহ করে পরবর্তী তদন্ত এগোতে পারবে পুলিশ।
এদিকে, একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং একজন নারীর প্রতি এমন অসম্মানজনক ও কুরুচিকর আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। স্থানীয় ওয়ার্ডের কনভেনর রাজা মানস ভট্টাচার্য বলেন, “পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”
রাজনৈতিক মহলের একাংশের মতে, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে এবিভিপি-র পাশে দাঁড়িয়ে মিছিলে অংশ নিয়েছিলেন বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়। তাঁর এই কাজের প্রকাশ্য প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। শর্বরীর এই সক্রিয় সমর্থনের ফলে এলাকায় বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি আরও শক্তিশালী হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সেই ক্ষোভের বশেই রাজনৈতিক বিরোধীরা এই ধরনের অপরাধমূলক কাজ করতে পারে।






