কলকাতা

অভিষেকের বিদেশযাত্রার আবেদনে বড় ধাক্কা! দ্রুত শুনানির আর্জি ফের খারিজ করল কলকাতা হাইকোর্ট

হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, মামলার শুনানি হবে নির্ধারিত তালিকা মেনেই।

Truth of Bengal: বিদেশযাত্রার অনুমতি সংক্রান্ত মামলায় দ্রুত শুনানির আর্জি জানিয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আগের মতোই এ বারও তাঁর আবেদন খারিজ করে দিল আদালত। হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, মামলার শুনানি হবে নির্ধারিত তালিকা মেনেই।

সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে অভিষেকের পক্ষে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি দ্রুত শুনানির আবেদন জানান। কিন্তু বিচারপতি জানিয়ে দেন, মামলাটি স্বাভাবিক প্রক্রিয়াতেই শুনানির তালিকায় আসবে। এর আগে গত মঙ্গলবারও একই বিষয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন অভিষেকের আইনজীবী। তখনও আদালত জানায়, এখনই মামলাটির শুনানি সম্ভব নয়। প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দুর্ঘটনায় তাঁর চোখের নীচে গুরুতর চোট লাগে। প্রথমে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানোর পর তিনি বিদেশেও চোখের চিকিৎসা করান। সূত্রের দাবি, চোখের চিকিৎসার কারণেই তিনি সাত দিনের জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছেন।

যদিও অভিষেকের বিদেশযাত্রার ক্ষেত্রে সরাসরি কোনও নিষেধাজ্ঞা নেই বলে জানা গিয়েছে। তবে একাধিক বিচারাধীন মামলায় তাঁর নাম থাকায় তদন্তে সহযোগিতার নির্দেশ রয়েছে। সেই পরিস্থিতিতেই চিকিৎসার প্রয়োজনে বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Related Articles