আগামী ৩ দিনে আরও বাড়বে উষ্ণতা! ঘূর্ণাবর্ত থাকলেও আপাতত বৃষ্টির আশা নেই দক্ষিণবঙ্গে
গত দু’দিন নিম্নচাপের প্রভাবে ভোর ও রাতে হালকা ঠান্ডার আমেজ থাকলেও দিনের বেলায় রোদের তাপ ছিল যথেষ্ট।
Truth Of Bengal: ফাল্গুনের শুরুতেই রাজ্যে বাড়তে শুরু করেছে গরমের আমেজ। সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া এবং ফের বৃষ্টির সম্ভাবনা আছে কি না, তা নিয়ে বঙ্গবাসীর কৌতূহল বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের নীচে থাকলেও ধীরে ধীরে পারদ চড়বে। আকাশ থাকবে পরিষ্কার, আংশিক মেঘলার সম্ভাবনা কম।
গত দু’দিন নিম্নচাপের প্রভাবে ভোর ও রাতে হালকা ঠান্ডার আমেজ থাকলেও দিনের বেলায় রোদের তাপ ছিল যথেষ্ট। ফলে গরমের অনুভূতি স্পষ্ট হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে বছরের প্রথম বৃষ্টির পর আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। বসন্তকালে এমন আবহাওয়াই স্বাভাবিক বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়ার এই পরিবর্তনের সময় জ্বর, সর্দি, কাশি বেড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে দূষণের সমস্যা। চিকিৎসকরা সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।
এদিকে নিম্নচাপ সরে গেলেও ঘূর্ণাবর্তের প্রভাব তৈরি হয়েছে। গাঙ্গেয় বঙ্গের উপর একটি উচ্চচাপযুক্ত ঘূর্ণাবর্ত রয়েছে। তবে এর প্রভাব রাজ্যের আবহাওয়ায় কতটা পড়বে, তা এখনও স্পষ্ট নয়। আগামী চার দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তার পরের তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা বজায় থাকবে।
আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২১ ডিগ্রির মধ্যে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়ে ৩১ থেকে ৩২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। কলকাতাতেও একই চিত্র দেখা যাবে।
আগামী দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ ঊর্ধ্বমুখী হবে। উত্তরবঙ্গেও শীতের আমেজ কাটতে শুরু করেছে। সমতল এলাকায় তাপমাত্রা বাড়ছে। দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা দেরিতে হলেও উত্তরবঙ্গেও গরম বাড়বে।
বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ৩৮ শতাংশ এবং সর্বোচ্চ ৯১ শতাংশ।






