দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টি, উত্তরবঙ্গে কমলা সতর্কতা! ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি
শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে
Truth of Bengal: বঙ্গোপসাগরের নিম্নচাপ দুর্বল হয়ে ছত্তিশগড়ের দিকে সরে গেলেও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ঝিরঝিরে অথবা হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। রবিবার ও সোমবার ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। ওই দিন বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির দাপট এখনই কমছে না। বৃহস্পতিবার ও শুক্রবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ফের কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতায় আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে অথবা হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রা খুব বেশি না উঠলেও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সোমবার থেকে শহরে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটি বাংলা ছেড়ে ছত্তিশগড়ের দিকে সরে যাওয়ায় তার সরাসরি প্রভাব আর রাজ্যের উপর নেই। তবে মৌসুমি অক্ষরেখা রাজস্থানের গঙ্গানগর থেকে ছত্তিশগড়ের নিম্নচাপ অঞ্চল, পুরী হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখার প্রভাবেই রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হবে।





