কলকাতা

“আবার আসব, কলকাতা ডাকলেই ছুটে আসব!” শহর ছাড়ার আগে বললেন তসলিমা

অবশেষে ভালোবাসায় ভরা স্মৃতি আর আবেগ জড়ানো অভিজ্ঞতা সঙ্গে নিয়ে বুধবার কলকাতা ছাড়লেন  বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

Truth Of Bengal: দীর্ঘ ১৯ বছর পর তিলোত্তমায় পা রেখেছিলেন তিনি। কিন্তু দেখতে দেখতেই কেটে গেল সেই দিনগুলো। অবশেষে ভালোবাসায় ভরা স্মৃতি আর আবেগ জড়ানো অভিজ্ঞতা সঙ্গে নিয়ে বুধবার কলকাতা ছাড়লেন  বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। শহর ছাড়ার মুহূর্তে তিনি স্পষ্ট জানান, কলকাতা তাঁর ভীষণ পছন্দ হয়েছে এবং এই শহর যখনই ডাকবে, তিনি বারবার ফিরে আসবেন। আপাতত বাংলাদেশ বা অন্য কোথাও নয়, তিনি ভারতেই অবস্থান করবেন বলে নিশ্চিত করেছেন।

“৩২ বছর ধরে নির্বাসনে, তবু দেশে ফিরতে পারি না” শহর ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের দীর্ঘদিনের জমানো আক্ষেপের কথা ব্যক্ত করেন লেখিকা। বাংলাদেশে ফেরার ইচ্ছে প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাঁর কণ্ঠে ঝরে পড়ে যন্ত্রণা। তসলিমা বলেন, “অবশ্যই নিজের দেশে ফিরতে চাই। দীর্ঘ ৩২ বছর ধরে আমি নির্বাসিত। কিন্তু আমাকে কোনোভাবেই বাংলাদেশে ফিরতে দেওয়া হয় না। এমন নয় যে আমি যেতে চাই না!”

লেখিকার মারাত্মক অভিযোগ, বাংলাদেশ সরকার তাঁর পাসপোর্ট পুনর্নবীকরণ করে দিচ্ছে না। এমনকি তাঁর কাছে যে সুইডিশ পাসপোর্ট রয়েছে, সেখানেও বাংলাদেশ সরকারের তরফ থেকে ভিসা ইস্যু করা হচ্ছে না, যার ফলে স্বদেশে ফেরা তাঁর জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

কলকাতা সফরের স্মৃতি রোমন্থন করতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন তসলিমা। তিনি জানান, এই শহরের সাধারণ মানুষের কাছে যে উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসা তিনি পেয়েছেন, তাতে তাঁর চোখে জল চলে এসেছিল।

নিজের সফরসূচি নিয়ে বলতে গিয়ে তিনি জানান, পুজোর সময়ে হয়তো কোনো অন্য দেশে থাকার কারণে শহরে আসা সম্ভব হবে না। তবে চলতি বছরের অক্টোবর কিংবা আগামী বছরের জানুয়ারিতে তিনি ফের শহরে পা রাখতে পারেন। এমনকি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় যোগ দিতে তিনি অবশ্যই আসবেন বলে ইঙ্গিত দিয়েছেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই কলকাতায় পা রেখেছিলেন তসলিমা। যাত্রার আগে সমাজমাধ্যমে নিজের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, “আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম”। বিমানবন্দরে নেমেও শহরবাসীর উদ্দেশ্যে ধন্যবাদ জানান তিনি।

২০০৭ সালে তাঁর ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসকে কেন্দ্র করে কলকাতার একাংশে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎকালীন বাম সরকারকে সেনা পর্যন্ত নামাতে হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উপন্যাসটি নিষিদ্ধ করেন এবং তসলিমাকে কলকাতা ছাড়তে বাধ্য করা হয়। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস সরকারের আমলেও সেই অলিখিত নিষেধাজ্ঞা বজায় রাখা হয়েছিল। তবে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার মাত্র দু’মাসের মধ্যেই দীর্ঘ দেড় দশক পর পুনরায় কলকাতায় প্রত্যাবর্তন ঘটেছিল বিতর্কিত এই লেখিকার।

Related Articles