কলকাতা

টাকি পুরসভায় বিপুল কোটি টাকার দুর্নীতি! কলকাতা হাইকোর্টের নির্দেশে শুরু সিআইডি তদন্ত

দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালত জানায়, রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি গোটা ঘটনার তদন্ত করবে

Truth of Bengal: টাকি পুরসভায় কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে এবার সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালত জানায়, রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি গোটা ঘটনার তদন্ত করবে। সেই তদন্ত চলবে হাই কোর্টের নজরদারিতে। মামলায় আদালত বান্ধব হিসেবে আইনজীবী তিলক মিত্রকে নিয়োগ করা হয়েছে। শুনানির সময় প্রধান বিচারপতি স্পষ্ট মন্তব্য করেন, “এভাবে জনগণের করের টাকা নয়ছয় করা যায় না।”

ঘটনার সূত্রপাত ২০২৩ সালে। সেই সময় টাকি পুরসভার তৎকালীন চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় এবং পুরবোর্ডের বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ তুলে সরব হন তৃণমূল কাউন্সিলর প্রদ্যুৎ দাস। তাঁর অভিযোগ ছিল, পুরসভায় দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ অর্থ নয়ছয়, স্বজনপোষণ এবং পুরবোর্ড পরিচালনায় অনিয়ম চলছে। প্রদ্যুৎ দাসের দাবি, বিষয়টি নিয়ে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু কোনও কার্যকর পদক্ষেপ হয়নি। উলটে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। এরপরই গত আট বছরে পুরসভার বিভিন্ন আর্থিক লেনদেন ও প্রশাসনিক সিদ্ধান্তে অনিয়মের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন তিনি।

বুধবার মামলাকারীর হয়ে আইনজীবী সৌম্য মজুমদার ও ওমর ফারুক গাজী আদালতে সওয়াল করেন। তাঁদের অভিযোগ, ইছামতী নদীর বুকে ভাসমান রেস্তোরাঁ তৈরির প্রকল্পে প্রায় ৮০ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। তৎকালীন চেয়ারম্যান ও পুরবোর্ডের একাংশ ওই ঘটনায় যুক্ত ছিলেন বলেও দাবি করা হয়। শুধু ভাসমান রেস্তোরাঁ নয়, সরকারি জমি লিজে দেওয়ার ক্ষেত্রেও বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। মামলাকারীর আইনজীবীদের দাবি, পুরবোর্ডের যথাযথ রেজুলেশন ছাড়াই একাধিক সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন চেয়ারম্যান। দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ জানায়, অভিযোগগুলির গুরুত্ব বিচার করে সিআইডি তদন্ত প্রয়োজন। সেই তদন্তের অগ্রগতির উপর নজর রাখবে আদালত।আগামী ১০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। তার আগে সিআইডি তদন্তে কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর।

Related Articles