রাজ্যপালকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি! নিশ্ছিদ্র নিরাপত্তায় লোকভবন, শুরু তল্লাশি
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি.ভি. আনন্দ বোসকে প্রাণনাশের হুমকি দিয়ে ইমেল পাঠানোকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে রাজভবনের (বর্তমানে লোকভবন) ঠিকানায় আসা ওই ইমেলে রাজ্যপালকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এই ঘটনার পরেই তড়িঘড়ি রাজ্যপালের নিরাপত্তা বলয় আরও নিশ্ছিদ্র করা হয়েছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে লোকভবনে ইমেলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। ইমেল প্রেরক নিজের মোবাইল নম্বরটিও সেখানে উল্লেখ করেছেন। বিষয়টি জানার পরপরই তৎপর হয়ে ওঠেন নিরাপত্তারক্ষীরা। রাতেই রাজ্য পুলিশের ডিজি-কে নম্বরটি যাচাই করার জন্য অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানানো হয়েছে।
#WATCH | Kolkata | Visuals from inside Lok Bhavan after security increased for West Bengal Governor CV Ananda Bose
(Source: OSD to Governor) https://t.co/6hQeG3i9hk pic.twitter.com/6s8WTc5g2W
— ANI (@ANI) January 8, 2026
রাজ্যপাল বর্তমানে ‘জেড প্লাস’ (Z+) ক্যাটাগরির নিরাপত্তা পান এবং তাঁর সুরক্ষায় প্রায় ৭০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকেন। তবে এই হুমকির পর বৃহস্পতিবার মধ্যরাতেই রাজ্যপালের নিরাপত্তা আধিকারিকরা একটি বিশেষ বৈঠকে বসেন। লোকভবনের নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি রাজ্যপালের যাতায়াতের পথে বাড়তি সতর্কতা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে পুলিশ এবং সিআরপিএফ (CRPF) যৌথভাবে রাজ্যপালের সুরক্ষা নিশ্চিত করছে।
রাজ্যপালকে হুমকির এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সামাজিক মাধ্যমে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে খোদ রাজ্যপালই নিরাপদ নন, যা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কঙ্কালসার চেহারা প্রকাশ করে দেয়। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে প্রশাসনিক স্তরে ইমেল প্রেরককে শনাক্ত করে দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে।






