কলকাতা

“ওঁর বাড়ি ছুঁতেও পারে না বিজেপি!”, যাদবপুর কাণ্ডে স্পষ্ট জবাব শমীকের

"বিজেপি সেজে আক্রমণ করে দলকে কালিমালিপ্ত করা হচ্ছে!", দেবব্রত মজুমদারের বাড়িতে তাণ্ডব নিয়ে বিস্ফোরক শমীক

Truth of Bengal: দক্ষিণ কলকাতার যাদবপুরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মেয়র পারিষদ দেবব্রত (মলয়) মজুমদারের বিজয়গড়ের বাসভবনে দুষ্কৃতী তাণ্ডব ও ভাঙচুরের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের বর্ষীয়ান নেতা দেবব্রতবাবুর বাড়িতে শনিবার রাতে ১০০ থেকে ১৫০ জনের সশস্ত্র দল হামলা চালিয়ে সিসিটিভি ক্যামেরা ও গৃহসামগ্রী ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। তৃণমূলের তরফে এই হামলার দায় বিজেপি নেতৃত্বের ওপর চাপানো হলেও, সেই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান, দেবব্রত মজুমদারের বাড়িতে আক্রমণের সঙ্গে ভারতীয় জনতা পার্টির দূরতম কোনও সম্পর্ক নেই। ঐতিহ্য ও পারিবারিক পটভূমির কথা উল্লেখ করে শমীক বলেন, ‘‘দেবব্রত মজুমদার একসময় আমাদের দলে ছিলেন, পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দেন। কিন্তু ওঁর বাবা কেশব মজুমদার জনসংঘের প্রতিষ্ঠার সময় থেকে এবং বিজেপির জন্মলগ্ন থেকে দলের সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের দলের কোনও কর্মী গিয়ে কেশব মজুমদারের পবিত্র বাসভবনে ভাঙচুর চালাবে, এটা অবাস্তব ও অসম্ভব কথা!’’

শমীক ভট্টাচার্য আরও যোগ করেন, ‘‘ওঁর দাদাও আমাদের দলের মূল পরিবারের সঙ্গে যুক্ত। তাই ওই পরিবারে দেবব্রত মজুমদার নিজে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হলেও, সেই বাড়িতে তাঁর প্রয়াত পিতার স্মৃতি ও অবদান জড়িয়ে রয়েছে। বিজেপির কোনও স্থানীয় কর্মী সেই বাড়িতে হাত দিতে পারে না। বিজেপি সেজে কিছু সমাজবিরোধী এই আক্রমণ চালিয়ে আমাদের দলকে কালিমালিপ্ত করার চক্রান্ত করছে। পার্টি অফিস ভাঙা কিংবা শহিদ বেদি ভাঙার মতো নোংরা সংস্কৃতি বিজেপির রাজনৈতিক রক্তে নেই।’’ সমগ্র বিষয়টি খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নজরে আনবেন বলেও হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি।

উল্লেখ্য, শনিবার রাত আটটা নাগাদ ৩/১১ বিজয়গড়ে দেবব্রত মজুমদারের বাড়িতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, সিসিটিভি ভেঙে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করা হয় এবং বাধা দিলে দেবব্রতবাবুর দাদাকে ধাক্কা মেরে ফেলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ঘটনার পর থেকে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে মজুমদার পরিবার। এই ঘটনায় যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও, বিজেপির রাজ্য সভাপতির এই পাল্টা জবাবে রাজনৈতিক ষড়যন্ত্রের নতুন মোড় সামনে এল।

Related Articles