অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ শাসকদলের
পরিস্থিতি সামাল দিতে অধ্যক্ষ গোটা ঘটনার নিন্দা করেন এবং সংশ্লিষ্ট বিধায়ককে সতর্ক করেন।
Truth Of Bengal: সপ্তদশ বিধানসভা অধিবেশনের শেষ দিনেও উত্তপ্ত পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্যকে ঘিরে ফের স্বাধিকার ভঙ্গের নোটিশ আনল শাসক দল। বাজেট বক্তৃতা চলাকালীন সংখ্যালঘু ইস্যুতে অগ্নিমিত্রা পালের মন্তব্যকে কেন্দ্র করে বিধানসভায় তীব্র বিতর্ক শুরু হয়। শাসক দলের অভিযোগ, ওই মন্তব্য অসংসদীয় ও আপত্তিকর। বিষয়টি নিয়ে তারা অধ্যক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানায়।
পরিস্থিতি সামাল দিতে অধ্যক্ষ গোটা ঘটনার নিন্দা করেন এবং সংশ্লিষ্ট বিধায়ককে সতর্ক করেন। অধ্যক্ষের সতর্কবার্তায় পুরোপুরি সন্তুষ্ট নয় শাসক শিবির। তাদের দাবি, মন্তব্যটি বিধানসভার মর্যাদা ক্ষুণ্ণ করেছে। সেই কারণেই শনিবার ফের স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছে শাসক দল।
এই ইস্যুকে কেন্দ্র করে অধিবেশনের শেষ দিনেও শাসক-বিরোধী তীব্র বাক্যুদ্ধের সম্ভাবনা থাকছেই বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পালের বিরুদ্ধে নিন্দা সূচক প্রস্তাব আনার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির বিধায়করা কক্ষ ত্যাগ করেন।






