বগটুই-এর সঙ্গে আনন্দপুর কাণ্ডের তুলনা! পদক্ষেপ নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ বিজেপির
"তৃণমূলের কাছে মানুষের প্রাণ নয়, রাজনীতি আর নাটকই আসল!"
Truth Of Bengal: বগটুই ও আনন্দপুর কাণ্ড – এই দুই ভয়ঙ্কর ঘটনার তুলনা টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে বঙ্গ বিজেপি। তাদের ফেসবুক পেজ থেকে একটি পোস্টে বিজেপির তরফে দাবি করা হয়েছে, একই রাজ্যে ঘটে যাওয়া দুটি ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও প্রতিক্রিয়ায় স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে।
বিজেপির কথায়, বীরভূমের বগটুই গ্রাম নবান্ন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে হলেও ঘটনার পর মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেছিলেন এবং ক্ষতিপূরণ ঘোষণাও করেছিলেন। তবে কলকাতার উপকণ্ঠে নবান্ন থেকে মাত্র ১৮-২০ কিলোমিটার দূরের আনন্দপুর এলাকায় অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর উপস্থিতি বা সরাসরি প্রতিক্রিয়া দেখা যায়নি বলে অভিযোগ তুলেছে তারা।
বিজেপি তাদের পেজে লিখেছে, “বগটুই আর আনন্দপুর-একই রাজ্য, একই মুখ্যমন্ত্রী। তবু আচরণে আকাশ-পাতাল ফারাক! বগটুই ২০০ কিমি দূরে, ক্যামেরা আর হেডলাইন পেতে মমতা ব্যানার্জি ছুটে গিয়েছিলেন, ক্ষতিপূরণও ঘোষণা করেছিলেন। কিন্তু নবান্ন থেকে মাত্র ১৮-২০ কিমি দূরের আনন্দপুরে ২৭ জন মানুষ জীবন্ত পুড়ে মরলেন,সেখানে মুখ্যমন্ত্রীর দেখা নেই, সহানুভূতি নেই, তৎপরতা নেই কেন? তাহলে প্রশ্ন একটাই- ২০০ কিমি গেলে প্রচার, আর ২০ কিমি গেলে দায়? তৃণমূলের কাছে মানুষের প্রাণ নয়, রাজনীতি আর নাটকই আসল!”
উল্লেখ, আনন্দপুর অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা একাধিকবার এই ঘটনা নিয়ে কথা বলেছে। সেই সঙ্গে এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে থেকে পরিবার পিছু ১০ লক্ষ আর্থিক সাহায্যেরও ঘোষণা করেছে তৃণমূল সরকার। সে কথা জানিয়েছেন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।






