রাজ্যের খবর

ভোটের লাইনে ঘুগনি-মুড়ি! রঘুনাথগঞ্জে তৃণমূলের বিরুদ্ধে ‘টোপ’ দেওয়ার অভিযোগ

ভোটের সকালে খাবারের প্লেটে রাজনীতি? ইমামনগরে ভোটারদের ঘুগনি খাইয়ে প্রভাবিত করার অভিযোগ।

কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: প্রথম দফার ভোটের দিন ঘুগনি-মুড়িকে কেন্দ্র করে সরগরম মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। রঘুনাথগঞ্জ বিধানসভার ইমামনগর এলাকায় ভোটারদের ঘুগনি-মুড়ি খাইয়ে প্রভাবিত করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার সকালে ৫৪, ৫৫ এবং ৫৬ নম্বর বুথ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

কংগ্রেস প্রার্থী নাসির সেখের অভিযোগ, বুথের একদম কাছেই অস্থায়ী আস্তানা গেড়ে তৃণমূল কর্মীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। তিনি বলেন, “ভোটারদের রীতিমতো প্রলোভন দেখানো হচ্ছে। এখানে কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই, আর সেই সুযোগে শাসক দল অবাধে এই সব চালিয়ে যাচ্ছে। আমরা অবিলম্বে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছি।” নাসিরের দাবি, পর্যাপ্ত নিরাপত্তার অভাবেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তৃণমূল।

পাল্টা যুক্তিতে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে স্থানীয় গ্রামবাসী ও শাসক শিবির। গ্রামবাসীদের একাংশের দাবি, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে ভোটারদের। অনেকেই বাড়ি থেকে না খেয়ে ভোট দিতে এসেছেন, তাই সৌজন্যবশত এবং মানবিকতার খাতিরে তাঁদের সামান্য খাবার ও জলের ব্যবস্থা করা হয়েছে। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই বলেই তাঁদের মত। তৃণমূলের পক্ষ থেকেও কংগ্রেসের এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

ইমামনগর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে টানটান উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। কমিশনও স্থানীয় সেক্টর অফিসারের কাছ থেকে পুরো পরিস্থিতির খোঁজ নিয়েছে।

Related Articles