মহিলাদের নিরাপত্তায় এবার পথে ‘শাইনিং’, জোড়া প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
এই ঘোষণা করে তিনি জানান, শনিবার থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে চালু হচ্ছে ‘পিঙ্ক বুথ’ এবং রাতের শহরের জন্য বিশেষ মহিলা মোবাইল পেট্রোলিং টিম।
কলকাতায় মহিলাদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস আরও বাড়াতে দুটি বিশেষ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সামাজিক মাধ্যমে এই ঘোষণা করে তিনি জানান, শনিবার থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে চালু হচ্ছে ‘পিঙ্ক বুথ’ এবং রাতের শহরের জন্য বিশেষ মহিলা মোবাইল পেট্রোলিং টিম।
Proud to share that, for further increasing the safety and confidence of women in our city, Kolkata Police is launching two more initiatives from today.
First, several all-women Pink Booths at key city intersections will be commissioned and be operational from evening to…
— Mamata Banerjee (@MamataOfficial) February 28, 2026
মুখ্যমন্ত্রী জানান, প্রথম উদ্যোগ হিসেবে শহরের জনবহুল ও গুরুত্বপূর্ণ সংযোগস্থলে একাধিক ‘পিঙ্ক বুথ’ (Pink Booth) স্থাপন করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই বুথগুলি কার্যকর থাকবে। শহরের মহিলারা যে কোনও প্রয়োজনে বা অসুবিধায় পড়লে সরাসরি এই বুথগুলিতে কর্তব্যরত মহিলা পুলিশ আধিকারিকদের সাথে যোগাযোগ করে সাহায্য নিতে পারবেন।
দ্বিতীয় উদ্যোগটি হল ‘শাইনিং’ (SHINING)—যা মূলত একটি অল-উইমেন মোবাইল পেট্রোলিং টিম। মুখ্যমন্ত্রী নিজেই এই দলটির নামকরণ করেছেন। প্রতিদিন রাত ৮টা থেকে রাত ২টো পর্যন্ত এই বিশেষ দলটি ই.এম বাইপাসসহ শহরের অন্যান্য প্রধান রাস্তাগুলিতে টহল দেবে। বিশেষ করে যে সমস্ত কর্মজীবী মহিলারা রাতে যাতায়াত করেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ভ্রাম্যমাণ বাহিনী কাজ করবে।
মুখ্যমন্ত্রীর কথায়, কলকাতা দীর্ঘ সময় ধরে দেশের সবচেয়ে নিরাপদ শহরের তকমা ধরে রেখেছে। এই দুটি নতুন ও ব্যতিক্রমী উদ্যোগ শহরের নারী নিরাপত্তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি ভরসা বাড়াতে সাহায্য করবে।






