কলকাতা

Kolkata Metro: উৎসবের রাতে আর যাতায়াতের চিন্তা নেই! বড়দিনে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১০টা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে।

Truth of Bengal: বড়দিনের উৎসবে শহরজুড়ে ভিড় সামাল দিতে এবং যাত্রীদের যাতায়াত আরও স্বচ্ছন্দ করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো। উৎসবের দিনে ব্লু লাইন ও গ্রিন লাইনে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় পর্যন্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১০টা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে।

উৎসবের দিন হওয়ায় ট্রেনের সংখ্যাতেও আনা হয়েছে কিছু পরিবর্তন। ২৫ ডিসেম্বর ব্লু লাইনে সাধারণ দিনের ২৭২টির পরিবর্তে চলবে মোট ২২৪টি ট্রেন। অন্যদিকে গ্রিন লাইনে চালানো হবে ২০১টি ট্রেন। যাত্রীদের সুবিধার্থে ব্লু লাইনে প্রতি ৭ মিনিট অন্তর এবং গ্রিন লাইনে প্রতি ৬ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

ব্লু লাইনের সময়সূচি:
সকালের পরিষেবায় সামান্য পরিবর্তন করা হয়েছে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোটি ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে (সাধারণত ৬টা ৫৪ মিনিট)। রাতের সময়সূচিতে রয়েছে বড় পরিবর্তন। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রোটি রাত ৯টা ২৮ মিনিটের বদলে ছাড়বে রাত ১০টা ২৩ মিনিটে। একইভাবে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ ট্রেনটি রাত ৯টা ৩৩ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত ১০টা ২০ মিনিটে। এছাড়া শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রো চলবে রাত সাড়ে ১০টায়।

গ্রিন লাইনের সময়সূচি:
শিয়ালদহ-হাওড়া সংযোগকারী গ্রিন লাইনেও থাকছে বিশেষ ব্যবস্থা। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩৯ মিনিটে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের উদ্দেশে প্রথম ট্রেন পাওয়া যাবে সকাল ৬টা ৪৫ মিনিটে। দুই প্রান্তিক স্টেশন থেকেই দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে। তবে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্কগামী শেষ ট্রেনটির সময় বাড়িয়ে করা হয়েছে রাত ১০টা ২০ মিনিট।

এই বিশেষ সূচির ফলে বড়দিনের রাতে পার্ক স্ট্রিট, ময়দান বা শহরের অন্যান্য উৎসবকেন্দ্রে সময় কাটিয়ে বাড়ি ফেরার পথে যাত্রীদের আর পরিবহণ সমস্যায় পড়তে হবে না বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।

Related Articles