Tevaga Express: তেভাগা এক্সপ্রেসে আধুনিকতার ছোঁয়া! বালুরঘাট-কলকাতা রুটে এল এলএইচবি কোচ
রেলের উদ্যোগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নতুন কোচ নিয়ে ট্রেনটির যাত্রার সূচনা হয়।
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরবাসীর জন্য মঙ্গলবার ভোরেই এল বড় সুখবর। বালুরঘাট–কলকাতা রুটে চলাচলকারী তেভাগা এক্সপ্রেসে পুরনো ICF কোচের পরিবর্তে সংযুক্ত হল আধুনিক ও উন্নতমানের LHB কোচ। রেলের উদ্যোগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নতুন কোচ নিয়ে ট্রেনটির যাত্রার সূচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নাড়া, বালুরঘাটের সাংসদ তথা উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন দফতরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন বিধায়ক ড. অশোক লাহিড়ী, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়-সহ রেলের শীর্ষ আধিকারিকরা।
এই উপলক্ষে সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “LHB কোচ আগের তুলনায় অনেকটাই হালকা ও প্রযুক্তিগতভাবে উন্নত। ফলে একদিকে যেমন যাত্রী সুরক্ষা বাড়বে, তেমনই ট্রেনের গতি ও স্বাচ্ছন্দ্যও বৃদ্ধি পাবে।” তিনি জানান, এই ট্রেনে এসি স্লিপার, নন-এসি স্লিপার এবং নন-এসি চেয়ার কার—সব ধরনের কোচই থাকবে। এর ফলে নিয়মিত যাতায়াতকারী প্যাসেঞ্জারদেরও বিশেষ সুবিধা হবে।সুকান্ত মজুমদার আরও জানান, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই বালুরঘাট অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। ভবিষ্যতে ট্রেনের সংখ্যা বাড়ার সম্ভাবনার কথা মাথায় রেখে স্টেশনে দ্রুত লিফট বসানোর পরিকল্পনাও রয়েছে।
কাটিহারের ডিআরএম কিরেন্দ্র নাড়া জানান, “এই ট্রেনটি সবদিক থেকেই নতুন রূপে সাজানো হয়েছে। কমফোর্ট, ডিজাইন ও সেফটি—সব ক্ষেত্রেই LHB কোচ অনেক বেশি উন্নত। পুরনো কোচগুলি ছিল ভারী ও প্রযুক্তিগতভাবে পিছিয়ে।” তিনি জানান, তেভাগা এক্সপ্রেস মোট ২২টি কোচ নিয়ে চলবে।নতুন কোচ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ যাত্রীরা। আধুনিক ট্রেন পরিষেবা ও স্টেশন উন্নয়নের খবরে দক্ষিণ দিনাজপুরে রেলের প্রতি প্রত্যাশাও বেড়েছে বহুগুণ।






