হাইকোর্টে বাড়ল না রক্ষাকবচের মেয়াদ, জাহাঙ্গির খানকে গ্রেফতারে আর বাধা নেই পুলিশের
৫ মামলার মূল অভিযুক্তের আশায় জল ঢালল হাই কোর্ট! বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চে বড় ধাক্কা খেলেন জাহাঙ্গির
Truth of Bengal: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হারের ধাক্কা কাটতে না কাটতেই এবার আইনি লড়াইয়ের ময়দানেও চরম বিপাকে পড়লেন ফলতার ‘ফেল’ করা প্রভাবশালী তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। এলাকায় যিনি ‘পুষ্পা’ নামেই বেশি পরিচিত, তাঁর গ্রেফতারি এড়ানোর সমস্ত আইনি রাস্তা এবার বন্ধ হয়ে গেল। মঙ্গলবার পর্যন্ত কলকাতা হাইকোর্টের তরফে জাহাঙ্গির খানকে যে রক্ষাকবচ দেওয়া হয়েছিল, বুধবারের শুনানিতে তার মেয়াদ আর বাড়াল না আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থসারথী সেনের সিঙ্গল বেঞ্চের স্পষ্ট নির্দেশে, তৃণমূল নেতার দুটি অন্তর্বর্তী মামলার রক্ষাকবচ সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলে, জাহাঙ্গির খানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে রাজ্য পুলিশ কিংবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে আর কোনও আইনি বাধা রইল না।
কেন জুটল না আদালতের দয়া?
আদালত সূত্রে জানা গিয়েছে, এর আগে জাহাঙ্গির খানের বিরুদ্ধে থাকা ৫টি ভিন্ন মামলায় তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মেয়াদ মঙ্গলবার শেষ হওয়ায়, আবারও গ্রেফতারির হাত থেকে বাঁচতে এবং পুরনো স্বস্তি বজায় রাখতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই তৃণমূল নেতা। কিন্তু বুধবারের শুনানিতে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে যায়। জাহাঙ্গির খানের বিরুদ্ধে দায়ের হওয়া প্রতিটি এফআইআর (FIR)-এর ক্ষেত্রেই তিনি প্রধান বা মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত।
এদিনের শুনানিতে হাইকোর্টে জোরালো প্রশ্ন ওঠে যে, একজন প্রার্থী হিসেবে নির্বাচনের সময় যে সাময়িক আইনি ছাড় বা রক্ষাকবচ তাঁকে দেওয়া হয়েছিল, ভোট মিটে যাওয়ার পরও কেন সেই সুবিধা একজন মূল অভিযুক্ত ভোগ করবেন? এই যুক্তির পরই আদালতের তরফে তাঁর দুটি মামলার অন্তর্বর্তী সুরক্ষাকবচ খারিজ করে দেওয়া হয়।
ফলতায় তীব্র উত্তেজনা, কাউন্টডাউন শুরু
রাজ্যে রাজনৈতিক ক্ষমতা বদলের পর থেকেই দক্ষিণ ২৪ পরগনার ফলতা অঞ্চলে তৃণমূলের অন্দরে ও বিরোধী শিবিরে বড়সড় সমীকরণ বদলাতে শুরু করেছে। নির্বাচনের ফলপ্রকাশের পর জাহাঙ্গির খানের রাজনৈতিক জমি অনেকটাই দুর্বল হয়েছিল। আর তার ওপর হাইকোর্টের এই হেভিওয়েট রায় আসার পর ফলতা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, সুপ্রিম কোর্টে যাওয়ার আগেই যদি পুলিশ সক্রিয় হয়, তবে যেকোনও মুহূর্তে খাঁচাবন্দি হতে পারেন এই বিতর্কিত নেতা। ফলতার ‘পুষ্পা’ খ্যাত এই নেতার ডানা যেভাবে ছাঁটল হাইকোর্ট, তা দক্ষিণ ২৪ পরগনার ঘাসফুল শিবিরের জন্য এক বিরাট ধাক্কা বলে মনে করা হচ্ছে।






