Dating Scam: প্রেমে পড়লেই বিপদ! যৌনতার সুড়সুড়ি আর উষ্ণতার টোপ, মিন্টো পার্কে ডেটিং অ্যাপ চক্রের পর্দাফাঁস
জানা গিয়েছে, চক্রটি একটি বিশেষ ডেটিং অ্যাপ চালাত। এই অ্যাপে সক্রিয় ছিল একদল রহস্যময়ী সুন্দরী, যারা গ্রাহকদের সঙ্গে আলাপ জমাতেন।
Truth of Bengal: কলকাতায় ফের ডেটিং অ্যাপের আড়ালে বড়সড় প্রতারণা চক্রের হদিশ! একাকীত্বের সুযোগ নিয়ে যৌনতার সুড়সুড়ি আর উষ্ণতার টোপ, আর তাতেই কুপোকাত অ্যাপ-ব্যবহারকারীরা। ফাঁদে পা দিলেই ব্যাংক অ্যাকাউন্ট খালি! শহরের অন্যতম অভিজাত এলাকা মিন্টো পার্কে চলত এই প্রতারণার রমরমা ব্যবসা। অবশেষে পুলিশ সেই চক্রের পর্দাফাঁস করেছে (Dating Scam)।
জানা গিয়েছে, চক্রটি একটি বিশেষ ডেটিং অ্যাপ চালাত। এই অ্যাপে সক্রিয় ছিল একদল রহস্যময়ী সুন্দরী, যারা গ্রাহকদের সঙ্গে আলাপ জমাতেন। তাদের প্রধান অস্ত্র ছিল ‘সঙ্গ’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠতা বাড়ানো। ভাবখানা এমন, যেন একাকী জীবনে হঠাৎ ‘বসন্তের বাতাস’। আর সেই ‘রোম্যান্টিক ফাঁদে’ পা দিলেই ঘটত সর্বনাশ। বহু সহজ-সরল বা হয়তো খানিকটা উচ্চাকাঙ্ক্ষী মানুষের কাছ থেকে নানা কায়দায় হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিল এই চক্র।
পুলিশ সূত্রে খবর, এই ডেটিং অ্যাপ প্রতারণাচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ১৭ জনের মধ্যে ১৬ জনই হলেন মহিলা। শোনা যাচ্ছে, এই মহিলারাই অ্যাপের ইউজারদের সঙ্গে ‘প্রেমের অভিনয়’ করে প্রতারণা করতেন। তবে মজার ব্যাপার হল, এই ‘নায়িকারা’ অ্যাপে যে উষ্ণতার স্ক্রিপ্ট ব্যবহার করতেন, তা-ও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সঙ্গে মিলেছে একাধিক ইলেকট্রনিক গ্যাজেট, ব্যাংক সংক্রান্ত নথি এবং হিসেবের খাতা (Dating Scam)।
পুলিশের এই অভিযানে আপাতত মিন্টো পার্কের এই উষ্ণতার ফাঁদ বন্ধ হলেও, তল্লাশি অভিযান এখনও চলছে। ধৃত অভিযুক্তদের বুধবার আদালতে পেশ করা হবে। অর্থাৎ, আপাতত ১৬ জন ‘সুন্দরীর’ সঙ্গে এক পুরুষের এই চক্রকে নিয়েই আইনি প্রক্রিয়া শুরু হবে। এ যেন ডিজিটাল যুগে এক নতুন ধরনের ‘ঠগিনী’র গল্প, যেখানে প্রেমের বদলে গায়েব হচ্ছে সর্বস্ব। তাই প্রেমের সন্ধানে ডেটিং অ্যাপে যারা ঘোরাফেরা করেন, তাদের জন্য এটি একটি বড় শিক্ষা— ভালোবাসার আড়ালে প্রতারণার ফাঁদ পাতা থাকে প্রায়শই (Dating Scam)।






