কলকাতা

কয়লা পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার কিরণ খাঁ ও চিন্ময় মণ্ডল

এই তল্লাশিকে কেন্দ্র করে জোর বিতর্ক শুরু হয় এবং মামলা গড়ায় হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত।

Truth Of Bengal: বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আবারও সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার জালে ধরা পড়েছে দুই কয়লা ব্যবসায়ী—কিরণ খাঁ ও চিন্ময় মণ্ডল। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত চিন্ময় কয়লা পাচার মামলায় প্রধান অভিযুক্ত লালার খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ চালানোর পর সোমবার গভীর রাতে কিরণ ও চিন্ময়কে গ্রেফতার করে ইডি। তদন্তে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

এদিনের গ্রেফতারের আগে ইডি পুরনো কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে তল্লাশি চালায়। এই তল্লাশিকে কেন্দ্র করে জোর বিতর্ক শুরু হয় এবং মামলা গড়ায় হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরপরই কলকাতায় এসে ইডির ডিরেক্টর রাহুল নবীন স্থানীয় আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকে কয়লা ও বালি পাচারসহ একাধিক হেভিওয়েট মামলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপরই কয়লা পাচার মামলার তদন্তে গতি বেড়ে যায়।

গত কয়েকদিনে ইডি একাধিক ব্যবসায়ীকে জেরা করেছে। সেই সূত্রেই চলতি মাসের ৩ তারিখ আসানসোলের রানিগঞ্জ ও জামুরিয়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় তদন্তকারীরা। একাধিক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলতে থাকে। জামুরিয়ার এক ব্যবসায়ীর বাড়ির গুদামঘর থেকে প্রায় দেড় কোটি টাকা নগদ উদ্ধার করা হয়। ততদিনে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেও ইডি তল্লাশি চালায়। ওই মামলায় সোমবারই মনোরঞ্জন মণ্ডলকে তলব করা হয়। এরপর কিরণ খাঁ ও চিন্ময় মণ্ডলকে তলব করে দফায় দফায় জেরা করা হয়।

ইডি সূত্রে খবর, দীর্ঘ জিজ্ঞাসাবাদে কিরণ খাঁ ও চিন্ময় মণ্ডলের বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। কিরণ আগে কয়লা মাফিয়া হিসেবে পরিচিত হলেও পরবর্তীতে কয়লা ব্যবসায়ী হিসেবে কাজ শুরু করেন। অন্যদিকে চিন্ময় লালার খুব ঘনিষ্ঠ—যে লালার বিরুদ্ধে কয়লা পাচার মামলায় তদন্ত চলছে। ইডি আশা করছে, এই দুই ধৃতের জেরা থেকে কয়লা পাচার কাণ্ডের বহু নতুন তথ্য উঠে আসবে। বিশেষ করে কয়লা পাচারের টাকা কারা কারা পেয়েছে—সেই বিষয়েও গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে বলে তদন্তকারীরা মনে করছেন।

Related Articles