কলকাতা

ফিরহাদের সংস্থায় হানা! নিউ আলিপুরে তদন্ত কমিশনের তল্লাশি

সংস্থাগুলির সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে কোনও অনিয়ম বা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Truth of Bengal: নিউ আলিপুরে ‘হাকিম পলিমেকার’ এবং ‘হাকিম কেমিক্যালস’ নামে দু’টি সংস্থার দফতরে তল্লাশি চালাল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন। বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশনের সদস্যরা নিউ আলিপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে টালিগঞ্জ সার্কুলার রোড এলাকায় ওই দুই সংস্থায় যান।

সংস্থাগুলির সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে কোনও অনিয়ম বা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। সংস্থার ওয়েবসাইটে ‘হাকিম পলিমেকার’ ও ‘হাকিম কেমিক্যালস’-এর সঙ্গে প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের নাম যুক্ত রয়েছে। তল্লাশির সময় অবশ্য ফিরহাদ বা তাঁর পরিবারের কেউ সেখানে ছিলেন না।

‘হাকিম পলিমেকার প্রাইভেট লিমিটেড’ মূলত প্লাস্টিক পণ্য প্রস্তুতকারী সংস্থা বলে ওয়েবসাইটে উল্লেখ রয়েছে। অন্যদিকে, ‘হাকিম কেমিক্যালস’-এ রাসায়নিক পণ্য তৈরি হত বলে জানা গিয়েছে।

পূর্বতন তৃণমূল সরকারের আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বর্তমান রাজ্য সরকার এই তদন্ত কমিশন গঠন করেছে। কমিশনের নেতৃত্বে রয়েছেন হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু।

রাজনৈতিক পালাবদলের পর কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। বর্তমানে তিনি তৃণমূলের ‘বিদ্রোহী’ শিবিরের সঙ্গে যুক্ত বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

Related Articles