মহিলা যাত্রীদের নিয়ে এবার কড়া নিয়ম! সরকারি বাসের কন্ডাক্টরদের কী নির্দেশ দিল পরিবহন দফতর?
বাসের কনডাক্টরদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছে পরিবহন দপ্তর
Truth of Bengal: সরকারি নির্দেশিকা অনুযায়ী আগামী ১ জুন থেকে রাজ্যজুড়ে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। এই বিশেষ প্রকল্পের আওতায় মহিলা যাত্রীদের জন্য ছবি ও নাম সম্বলিত ডিজিটাল স্মার্ট কার্ড ইস্যু করবে রাজ্য সরকার। তবে স্মার্ট কার্ড হাতে পাওয়ার পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে এই পরিষেবা কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে বাসের কনডাক্টরদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছে পরিবহন দপ্তর।
পরিবহন দপ্তরের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, রাজ্যের সমস্ত এসি এবং নন-এসি সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ দিতে হবে। দপ্তর থেকে নির্দিষ্ট ‘জিরো ভ্যালু টিকিট’ বা শূন্য মূল্যের টিকিট পরীক্ষা করে তবেই এই পরিষেবা দেওয়া যাবে। যতক্ষণ না যাত্রীরা ডিজিটাল স্মার্ট কার্ড পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সরকারি যে কোনো বৈধ পরিচয়পত্র (আইডি প্রুফ) দেখলেই ইলেকট্রনিক টিকিট মেশিন বা ইটিএম (ETM) থেকে বিনামূল্যে টিকিট কেটে দিতে হবে কনডাক্টরদের। যেহেতু ১ জুন থেকে এই ফ্রি পরিষেবা চালু হচ্ছে, তাই মহিলা যাত্রীদের বাসে তোলার ক্ষেত্রে চালক বা কনডাক্টরদের মধ্যে এক ধরনের অনীহা বা অবহেলা দেখা দেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই বিষয়ে আগাম সতর্ক করে নির্দেশিকায় বলা হয়েছে, মহিলা যাত্রী দেখলে কোনোভাবেই বাস না থামিয়ে এড়িয়ে যাওয়া যাবে না। পাশাপাশি, প্রতিটি রুটের ভাড়ার তালিকা অনুযায়ী নির্ধারিত স্টপেজগুলিতে মহিলা যাত্রীদের ওঠানামা করার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে।
ডিউটি বা ডিউটিরত অবস্থায় থাকা কোনো চালক কিংবা কনডাক্টর সরকারের এই বিনামূল্যে পরিষেবা প্রকল্প নিয়ে কোনো ধরনের রাজনৈতিক দলভিত্তিক মন্তব্য বা আলোচনা করতে পারবেন না বলেও নির্দেশিকায় কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


