শহরের ১০ জায়গায় ইডির হানা, তালিকায় দমকল মন্ত্রীর অফিসও
শুক্রবার সকাল থেকে কলকাতার বিভিন্ন এলাকায় সমন্বিত তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থাটি।
Truth Of Bengal: শহরে ফের ইডির তৎপরতা! শুক্রবার ভোর থেকেই অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ইডি সুজিত বসুর সল্টলেকের অফিস সহ শহরের ১০ জায়গায় আধিকারিকদের দল পৌঁছে যায়। সূত্রের খবর, পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে। সকাল থেকেই ইডি-র দল নাগেরবাজারের শ্যামনগর রোডের শোভনা অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ইডি আধিকারিকরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন।
শহরের ১০ জায়গায় ইডির হানা pic.twitter.com/cJTqpG8qBl
— TOB DIGITAL (@DigitalTob) October 10, 2025
একইসঙ্গে শহরের আরও কয়েকটি জায়গায় অভিযান চলছে। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়ি, দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস, ঠনঠনিয়া, শরৎ বোস রোড ও নিউ আলিপুর এলাকায় চলছে তল্লাশি।
ইডি সূত্রে জানা যায়, অভিযানের লক্ষ্য মূলত আর্থিক অনিয়ম ও নিয়োগ সংক্রান্ত দুর্নীতির সঙ্গে যুক্ত নথি ও তথ্য সংগ্রহ।
জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের মালিক দীপক দে ওরফে দীপু দের নাগেরবাজারের বাসভবনেও অভিযান চালানো হচ্ছে। সূত্রের দাবি, দীপক দে-র ব্যবসায়িক লেনদেন এবং সম্পত্তি বৃদ্ধির বিষয়ে ইডি তদন্ত করছে।
অন্যদিকে, নিউ আলিপুরে হাইকোর্টের আইনজীবী অমিত আগরওয়াল এবং গিরিশ পার্কের সরকার লেনের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিশাল পাতোড়িয়ার বাড়িতেও ইডি তল্লাশি চালাচ্ছে। ব্যাঙ্কিং প্রতারণা ও আর্থিক অনিয়মের সূত্র ধরেই এই তল্লাশি চলছে বলে জানা গেছে।
ইডির একটি দল বর্তমানে শরৎ বোস রোড এলাকাতেও তল্লাশি চালাচ্ছে। অভিযান চলাকালীন স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় নিরাপত্তা বজায় রেখেছে। ইডির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।






