কলকাতারাজ্যের খবর

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শুক্রবার থেকে বাংলায় ঝড়বৃষ্টি, কোন জেলায় কতটা?

আশঙ্কা, স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়টি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

Truth of Bengal: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ। ক্রমশ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পথে এই নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এটি। এরপর ২০ নভেম্বর দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলে নেল্লোর ও তুনির মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

আশঙ্কা, স্থলভাগে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়টি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত। বর্তমানে গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে। শ্রীলঙ্কার ত্রিনকোমালি থেকে প্রায় ৬২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছে সেটি।

তবে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা কম। কিন্তু এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির দু-একটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই।

বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার পরিস্থিতির আরও পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭-১১ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে।