কলকাতা

রাজনীতি ছেড়ে এবার গানের দুনিয়ায় দিলীপ ঘোষ! রেকর্ডিং স্টুডিয়োয় গিয়ে গাইলেন কোন গান?

রাজনৈতিক ভাষণ নয়, স্টুডিয়োর মাইকের সামনে দাঁড়িয়ে ঝালমুড়ি নিয়ে তৈরি গানে কণ্ঠ দিলেন দিলীপ

Truth of Bengal: রাজনীতির ময়দানে তাঁর পরিচিতি দাপুটে নেতা হিসেবেই। চাঁচাছোলা বক্তব্য, বিরোধীদের উদ্দেশে তীক্ষ্ণ আক্রমণ কিংবা বিতর্কিত মন্তব্য—সবেতেই নিজের স্বতন্ত্র মেজাজ ধরে রাখেন দিলীপ ঘোষ। কিন্তু এবার সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রীকে। রাজনৈতিক ভাষণ নয়, স্টুডিয়োর মাইকের সামনে দাঁড়িয়ে ঝালমুড়ি নিয়ে তৈরি গানে কণ্ঠ দিলেন দিলীপ। সোমবার সকালে নিউটাউনের ইকো পার্কে প্রাতর্ভ্রমণ শেষ করে চিনার পার্কের কাছে একটি রেকর্ডিং স্টুডিয়োয় পৌঁছন তিনি। সেখানেই শিল্পীদের সঙ্গে ঝালমুড়ির গান রেকর্ড করতে দেখা যায় তাঁকে। প্রথমবার স্টুডিয়োয় গান গাইলেও বেশ আত্মবিশ্বাসী এবং খোশমেজাজেই ছিলেন দিলীপ।

ঝালমুড়ি নিয়ে গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন শিল্পী দম্পতি লোকেশ গিরি ও রিমাশ্রী। গানের কথায় রয়েছে বাংলার চিরপরিচিত ঝালমুড়ির স্বাদ, ট্রেনযাত্রার স্মৃতি এবং মজার একাধিক পাঞ্চলাইন। কোথাও শোনা যাচ্ছে, “আমের আচারে টক মিলবে, অল্প দাও হে ভাই”, আবার কোথাও উঠে এসেছে চামচ দিয়ে মুড়ি মাখানোর পরিচিত দৃশ্য। “জিভে জল আনে ঝালমুড়ি” কিংবা “তৈরি আপনার ঝালমুড়ি”—এমন মজাদার কথায় সাজানো হয়েছে গোটা গান। ট্রেনে বসে ঠোঙায় ঝালমুড়ি খাওয়ার বাঙালির দীর্ঘদিনের অভ্যাসও জায়গা পেয়েছে গানের কথায়। আর সেই গানেই এবার নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গলা মেলালেন দিলীপ ঘোষ। সাম্প্রতিক সময়ে রাজনীতির সঙ্গে ঝালমুড়ির সম্পর্কও বেশ আলোচিত হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে ঝাড়গ্রামের একটি পথের ধারের দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দোকানির সঙ্গে কথা বলা এবং স্থানীয়দের সঙ্গে সময় কাটানোর সেই ভিডিয়ো পরে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরবর্তী সময়ে কৃষ্ণনগরের সভায় মোদি বলেছিলেন, “আমি ঝালমুড়ি খেয়েছি, কিন্তু ঝাল লেগেছে তৃণমূলের।” তাঁর সেই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার জন্ম দেয়। এরপর দিল্লিতে এনডিএ-র বৈঠকেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি পরিবেশন করতে দেখা যায়। সেই ভিডিয়োটিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। তারপর থেকে বিজেপির বিভিন্ন অনুষ্ঠান এবং ঘরোয়া রাজনৈতিক কর্মসূচিতে নেতাদের ঝালমুড়ি খাওয়ার ছবি বারবার সামনে এসেছে। এবার সেই ঝালমুড়িই উঠে এল গানের কথায়। আর কণ্ঠে যখন দিলীপ ঘোষ, তখন গানটি প্রকাশের আগেই স্বাভাবিকভাবে তৈরি হয়েছে কৌতূহল।

Related Articles