নতুন ভোটারদের জন্য কড়া নিয়ম কমিশনের, জানেন কী কী করতে হবে?
নতুন ভোটার, সদ্য প্রাপ্তবয়স্ক নাগরিক অথবা আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়া ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির জন্য ফর্ম-৬ নির্ধারিত।
Truth Of Bengal: নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্তির ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করল নির্বাচন কমিশন। এবার অনলাইনে ফর্ম-৬ পূরণ করে ভোটার তালিকায় নাম তুলতে হলে আবেদনকারীকে নিজের বা তাঁর পরিবারের পূর্ববর্তী এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত তথ্য জানানো বাধ্যতামূলক করা হয়েছে। এই তথ্য না দিলে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে না। নতুন ভোটার, সদ্য প্রাপ্তবয়স্ক নাগরিক অথবা আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাওয়া ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির জন্য ফর্ম-৬ নির্ধারিত। যদিও এই ফর্মে আনুষ্ঠানিক সংশোধনের কোনও বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করেনি নির্বাচন কমিশন, তবে ইসিআইনেট পোর্টালে অনলাইন আবেদনের ক্ষেত্রে নতুন তথ্য দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যেই চালু হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীকে জানাতে হবে আগের এসআইআর-এর ভোটার তালিকায় তাঁর নিজের নাম ছিল কি না। যদি না থাকে, তাহলে বাবা-মা অথবা ঠাকুরদা-ঠাকুমার নাম ওই তালিকায় ছিল কি না, সেই তথ্য দিতে হবে। এই দুই ক্ষেত্রের কোনওটিই প্রযোজ্য না হলে তৃতীয় একটি বিকল্প বেছে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। যদি আবেদনকারী প্রথম বা দ্বিতীয় বিকল্প নির্বাচন করেন, তবে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের নাম, বুথ নম্বর এবং ভোটার তালিকায় থাকা ক্রমিক নম্বর উল্লেখ করাও বাধ্যতামূলক। তবে তৃতীয় বিকল্প বেছে নিলে আবেদন প্রক্রিয়ায় তার কী প্রভাব পড়বে, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশন।
বর্তমানে ফর্ম-৬-এ আবেদনকারীর পরিবারের সদস্যদের নাম ও তাঁদের ইপিক নম্বর দেওয়ার নিয়ম রয়েছে। নতুন ব্যবস্থায় সেই তথ্যের পাশাপাশি এসআইআর-এর পুরনো ভোটার তালিকার তথ্যও মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিহারে এসআইআর কর্মসূচি চলাকালীন প্রথম এই ব্যবস্থা চালু করা হয়েছিল। পরে যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হয়েছে বা চলছে, সেখানেও একই নিয়ম কার্যকর করা হয়েছে। কমিশনের দাবি, এই পদ্ধতির মাধ্যমে নতুন ভোটারদের পরিচয় যাচাই আরও নির্ভুল ও স্বচ্ছ হবে।






