কলকাতা

ভোটের আগে বড় চমক! বাংলার রাজ্যপাল পদে ইস্তফা আনন্দ বোসের, দায়িত্বে আসছেন আর এন রবি

সিভি আনন্দ বোসের এই আকস্মিক প্রস্থানের পর বাংলার অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে চলেছেন আর এন রবি।

Truth Of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক মুখে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বড়সড় পটপরিবর্তন ঘটে গেল। বৃহস্পতিবার রাজ্যপালের পদ থেকে আচমকা ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। ২০২২ সালের ১৭ নভেম্বর বাংলার রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করা এই প্রাক্তন আমলার মেয়াদের আরও ২০ মাস বাকি ছিল। কিন্তু ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত সময়সীমা থাকলেও, তার অনেক আগেই তিনি কেন সরে দাঁড়ালেন, তা নিয়ে এখন দিল্লির দরবার থেকে কলকাতার রাজপথ— সর্বত্রই জল্পনা তুঙ্গে। বর্তমানে দিল্লিতে অবস্থানরত আনন্দ বোস তাঁর ইস্তফাপত্রটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠালে তিনি তা গ্রহণ করেছেন বলে রাজভবন সূত্রে নিশ্চিত করা হয়েছে।

সিভি আনন্দ বোসের এই আকস্মিক প্রস্থানের পর বাংলার অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে চলেছেন আর এন রবি। বর্তমানে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে কর্মরত। ১৯৫২ সালে জন্ম নেওয়া রবীন্দ্র নারায়ণ রবি (আর এন রবি) প্রশাসনিক মহলে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ১৯৭৬ ব্যাচের কেরল ক্যাডারের এই প্রাক্তন আইপিএস অফিসার এর আগে নাগাল্যান্ড ও মেঘালয়ের রাজ্যপাল হিসেবে সফলভাবে দায়িত্ব সামলেছেন। এছাড়া ভারতের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং নাগা শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।

বাংলার বিধানসভা নির্বাচন যখন দোরগোড়ায়, তখন রাজ্যপালের মতো একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। রাজভবন এবং নবান্নের সম্পর্কের টানাপোড়েন থেকে শুরু করে নির্বাচনের নিরাপত্তা— সব ক্ষেত্রেই নতুন রাজ্যপালের ভূমিকা কেমন হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে। দিল্লির এই সিদ্ধান্তের পেছনে গভীর কোনো কৌশল রয়েছে কি না, তা নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে।