বিধানসভা ভোটের মুখে রাজ্যে বড় সাংবিধানিক মোড়, ইস্তফা রাজ্যপালের
সূত্রের খবর, বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন এবং সেখান থেকেই রাষ্ট্রপতির কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
Truth Of Bengal:বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের সাংবিধানিক পরিসরে বড়সড় মোড়। বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস আচমকাই তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করেই এই খবর ছড়িয়ে পড়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। প্রথমে বিষয়টি নিয়ে কিছুটা সংশয় তৈরি হলেও পরে নিশ্চিত হওয়া যায় যে, তিনি সত্যিই রাজ্যপালের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
সূত্রের খবর, বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন এবং সেখান থেকেই রাষ্ট্রপতির কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে ঠিক কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও সরকারি ব্যাখ্যা সামনে আসেনি।
বিধানসভা ভোটের মুখে এই পদত্যাগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। প্রশাসনিক মহলের একাংশের মতে, এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত নাও হতে পারে। কোনও বিশেষ পরিস্থিতি বা চাপের কারণেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলেও অনেকে মনে করছেন।






