ফের যৌন হেনস্থায় নাম জড়াল পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের অভিযুক্তর
নাসিরের দাবি, পূর্ববর্তী অভিযোগের সুযোগ নিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে।
Truth Of Bengal: যৌন হেনস্থার অভিযোগে ফের নাম জড়াল পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত নাসির খানের। গত শনিবার রাতে বিধাননগর দক্ষিণ থানা এলাকার একটি নাইটক্লাবে এক মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে নাসির ও তার সঙ্গীদের বিরুদ্ধে।
বাধা দেওয়ায় ওই মহিলার ভাইকে মারধরের অভিযোগও দায়ের হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। নাসির আদৌ ঘটনায় জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নাসিরের দাবি, পূর্ববর্তী অভিযোগের সুযোগ নিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ২০১২ সালের পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত কাদের খান-সহ কয়েকজন এখনও জেলে রয়েছেন। নাসির জামিনে মুক্ত। এই পরিস্থিতিতে নতুন অভিযোগে চাঞ্চল্য বেড়েছে। ঘটনায় নাসিরদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পাশাপাশি ওই মহিলা ও তার ভাইয়ের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ জমা পড়েছে। পুলিশ উভয় পক্ষের বক্তব্য যাচাই করছে।
প্রসঙ্গত, পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ড শহরজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে। আদালতে মামলা শুরু হয়। ওই ঘটনায় দোষী সাব্যস্ত হন রুমান খান, নাসির খান ও সুমিত বাজাজ। আদালত তাঁদের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়।





