অস্ত্র পাচারের ছক বানচাল, কলকাতায় গ্রেফতার ভিন রাজ্যের দুই পাচারকারী
Arms smuggling plot foiled, two smugglers from other states arrested in Kolkata

Truth Of Bengal: বিহার থেকে কলকাতায় অস্ত্র পাচারের ছক বানচাল করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বৃহস্পতিবার রাতে পূর্ব কলকাতার বেনিয়াপুকুর এলাকার এজেসি বোস রোডের একটি হোটেল থেকে রহিস কুমার ও মিরাজ মল্লিক নামে দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা বিহারের গয়া জেলার বাসিন্দা।
তদন্তকারীরা জানান, গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ ওই হোটেলে অভিযান চালায়। ধৃতদের কাছ থেকে দুটি ‘মুঙ্গের মেড’ ৯ এমএম পিস্তল ও ১৮টি বুলেট উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে চান, কেন এই অস্ত্র কলকাতায় আনা হয়েছিল এবং কার কাছে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সেই তথ্য খুঁজে বের করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই শিয়ালদহ এলাকা থেকেও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। এবার বেনিয়াপুকুরে একই ধরনের ঘটনা ঘটায় শহরের নিরাপত্তা ব্যবস্থার উপর নতুন করে প্রশ্ন উঠেছে। কলকাতায় অপরাধমূলক কাজের জন্য অস্ত্র পাচারের পরিকল্পনা ক্রমশ বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
তদন্তকারীরা আশা করছেন, ধৃতদের জেরা করে এই পাচার চক্রের মূল পান্ডাদের হদিশ পাওয়া যাবে এবং ভবিষ্যতে এমন ঘটনা রুখে দেওয়া সম্ভব হবে।






