কলকাতা

ব্যাঙ্কে ঢুকছে অন্নপূর্ণা যোজনার টাকা! উপভোক্তা মহিলাদের সঙ্গেই প্রচারে নামছে রাজ্য সরকার

অন্নপূর্ণা যোজনা নিয়ে কীভাবে প্রচার চালানো হবে, তা নিয়েও মন্ত্রীদের বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে

Truth of Bengal: অন্নপূর্ণা যোজনার অর্থ ইতিমধ্যেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করেছে। প্রকল্পের বাজেট বরাদ্দও বাড়ানো হয়েছে। এবার এই যোজনার সাফল্যকে সামনে রেখে রাজ্যজুড়ে প্রচারে নামতে চলেছে সরকার। মন্ত্রী, বিধায়ক থেকে স্থানীয় নেতৃত্ব—সকলকেই এই প্রচারে সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বুধবার নবান্নে মন্ত্রীদের সঙ্গে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে একাধিক প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়। সূত্রের দাবি, অন্নপূর্ণা যোজনা নিয়ে কীভাবে প্রচার চালানো হবে, তা নিয়েও মন্ত্রীদের বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে যাঁরা ইতিমধ্যেই প্রকল্পের টাকা পেয়েছেন, তাঁদের অভিজ্ঞতাকে সামনে রেখে প্রচারের পরিকল্পনা করা হচ্ছে।

সরকারি সূত্রের দাবি, ১৭ থেকে ২০ অগস্টের মধ্যে প্রথম দফায় প্রায় ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রকল্প নিয়ে বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলেও এর আগে অভিযোগ করেছিল প্রশাসন। সেই কারণে প্রকল্পের উপভোক্তাদের সামনে এনে বাস্তব তথ্য তুলে ধরতে চাইছে সরকার। অন্যদিকে, বুধবার থেকেই ফের চালু হয়েছে অন্নপূর্ণা যোজনার পোর্টাল। সেখানে আবেদনকারীরা অনলাইনে নিজেদের আবেদনের বর্তমান অবস্থা জানতে পারবেন। কোনও আবেদন বাতিল হলে তার কারণও পোর্টালে দেখা যাবে বলে জানা গিয়েছে। পাশাপাশি আবেদন সংক্রান্ত আপত্তি জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে। যোগ্য আবেদনকারীর নাম বাদ পড়লে যেমন অভিযোগ জানানো যাবে, তেমনই কোনও অযোগ্য ব্যক্তি অনুদান পেয়ে থাকলে নির্দিষ্ট তথ্যপ্রমাণ দিয়ে তার বিরুদ্ধেও অভিযোগ করা যাবে। এই ধরনের অভিযোগ দ্রুত এবং গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

রাজ্য সরকারের শীর্ষ মহলের মতে, বিপুল সংখ্যক মহিলার অ্যাকাউন্টে সরাসরি অর্থ পৌঁছনোর পর প্রকল্প নিয়ে তৈরি হওয়া বিতর্ক অনেকটাই স্তিমিত হয়েছে। এবার সেই সাফল্যকে জনসমক্ষে আরও বেশি করে তুলে ধরতেই সংগঠিত প্রচারে নামার পরিকল্পনা করা হয়েছে। এদিনের বৈঠকে শিক্ষা ক্ষেত্র নিয়েও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা উঠে এসেছে। সূত্রের খবর, এবার থেকে শিক্ষক দিবসে দেওয়া হবে ‘বিদ্যাসাগর শিক্ষক সম্মান পুরস্কার’। এর আগে রাজ্যে শিক্ষকদের সম্মান জানাতে ‘শিক্ষারত্ন’ পুরস্কার দেওয়া হত।

Related Articles