এক ধাক্কায় ১৭টি গুরুত্বপূর্ণ দফতরের সচিব পদে বড়সড় রদবদল রাজ্যের
এক বিজ্ঞপ্তি জারি করে মোট ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরের সচিব পদে পরিবর্তন আনা হয়েছে
Truth of Bengal: রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। এক বিজ্ঞপ্তি জারি করে মোট ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরের সচিব পদে পরিবর্তন আনা হয়েছে। খাদ্য, পরিবহন, তথ্য ও সংস্কৃতি, ভূমি ও ভূমি রাজস্ব, ক্ষুদ্র ও কুটির শিল্প, কারিগরি শিক্ষা, নারী ও শিশু কল্যাণ, ক্রীড়া, উত্তরবঙ্গ উন্নয়ন, শ্রম, সুন্দরবন উন্নয়ন, আবাসন, জনস্বাস্থ্য ও কারিগরি এবং পরিবেশ-সহ একাধিক দপ্তরে নতুন সচিব নিয়োগ করা হয়েছে।
এই মর্মের নির্দেশিকা জারি করা হয়েছে।প্রশাসনিক সূত্রে খবর, বিভিন্ন দপ্তরের কাজের গতি বৃদ্ধি এবং সমন্বয় আরও শক্তিশালী করতেই এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দায়িত্ব অনুযায়ী, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি পরিবেশ দপ্তরের সচিব হিসেবেও কাজ করবেন নীলম মিনা। অন্যদিকে, নন্দিনী চক্রবর্তীকে আবাসন দপ্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া দক্ষিণ কলকাতার জেলা নির্বাচন আধিকারিককে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সচিব পদে নিয়োগ করা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, এই রদবদলের ফলে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নে আরও গতি আসবে এবং দপ্তরগুলির মধ্যে সমন্বয় বাড়বে।






