কলকাতা

ডায়মন্ড হারবারে অভিষেকের অফিসে বুলডোজার অ্যাকশন! ছুটির দিনেই কলকাতা হাই কোর্টে নজিরবিহীন জরুরি শুনানি

শনিবার সকাল থেকেই ডায়মন্ড হারবারের আমতলায় অবস্থিত সাংসদ কার্যালয়কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

Truth of Bengal: শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে চলল বুলডোজার। আর এই উচ্ছেদ অভিযানের রেশ কাটতে না কাটতেই রবিবার ছুটির দিনে কলকাতা হাই কোর্টে জরুরি শুনানির আর্জি জানালেন সাংসদের আইনজীবী। রবিবার আদালত খোলামাত্রই এই নজিরবিহীন মামলার শুনানির আবেদন জানানো হয়। হাই কোর্ট সূত্রে জানা গিয়েছে, ছুটির দিন হওয়া সত্ত্বেও বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে এই মামলার বিশেষ শুনানি স্থির হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই আইনি প্রক্রিয়া শুরু হতে চলেছে।

শনিবার সকাল থেকেই ডায়মন্ড হারবারের আমতলায় অবস্থিত সাংসদ কার্যালয়কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা এলাকা গার্ডরেলে মুড়ে ফেলা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছায় তিনটি বুলডোজার এবং শুরু হয় কার্যালয় ভাঙার কাজ। পুলিশ অফিসের তালা ভেঙে ভেতরে ঢোকার পর স্থানীয়দের একাংশকে ভেতরে ঢুকে ভাঙচুর চালাতেও দেখা যায়। অভিষেকের এই কার্যালয় ভাঙা শুরু হতেই সেখানে উল্লাসে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে তাঁদের অভিযোগ, এই কার্যালয়টি আসলে শেখ শাহজাহান বা জাহাঙ্গিরের মতো সমাজবিরোধীদের মূল ঘাঁটি ছিল এবং এখান থেকেই সাধারণ মানুষের ওপর অত্যাচারের নীলনকশা তৈরি হতো।

প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে, ডায়মন্ড হারবারের এই আমতলা কার্যালয়টি কোনও বৈধ প্ল্যান বা নথি ছাড়াই বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল। এই বিষয়ে জেলা প্রশাসনের তরফে সাত দিনের ব্যবধানে দুটি নোটিসও পাঠানো হয়। নোটিসে আরও উল্লেখ ছিল, যে জমিতে কার্যালয়টি তৈরি হয়েছে তা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কোম্পানির নামে কেনা এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এই বেআইনি নির্মাণ নিয়ে জিজ্ঞাসাবাদ করতে সাংসদকে জেলা প্রশাসনের দফতরে হাজিরা দিতে বলা হলেও পরপর দুবার সেই নোটিসে সাড়া দেওয়া হয়নি। আর তার জেরেই এই বড় পদক্ষেপ করা হয়েছে বলে প্রশাসনের দাবি। অন্যদিকে, অফিস ভাঙার পরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি আইনি পথেই এর মোকাবিলা করবেন। সেই মতোই আজ রবিবার ছুটির দিনেও আদালতের দ্বারস্থ হলেন তিনি।

Related Articles