মা হওয়ার পর প্রথম জন্মদিন, ছেলেকে কোলে নিয়ে ছবি পোস্ট ক্যাটরিনার
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলির একটিতে বিহানকে কোলে নিয়ে স্নেহের চুম্বন আঁকতে দেখা যায় ক্যাটরিনাকে।
Truth of Bengal: মা হওয়ার পর প্রথম জন্মদিন। তাই এবারের উদ্যাপন ছিল আরও বেশি আবেগে মোড়া। পরিবারের সঙ্গে ঘরোয়া পরিবেশে জন্মদিন পালন করার পর সেই বিশেষ দিনের একাধিক মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কইফ। ছবির মূল আকর্ষণ ছিল তাঁর একরত্তি ছেলে বিহান, যাকে কোলে নিয়ে আদরে ভরিয়ে দিতে দেখা গেল অভিনেত্রীকে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিগুলির একটিতে বিহানকে কোলে নিয়ে স্নেহের চুম্বন আঁকতে দেখা যায় ক্যাটরিনাকে। অন্য একটি ছবিতে ছোট্ট বিহানের হাত মায়ের নাক ছুঁয়ে রয়েছে। মাতৃত্বের এই আন্তরিক মুহূর্তগুলি মুহূর্তের মধ্যেই অনুরাগীদের মন জয় করে নেয়। ছবিতে স্বামী ভিকি কৌশলের সঙ্গেও একান্ত কিছু মুহূর্ত ধরা পড়েছে। কোথাও পিচরঙা ঢিলেঢালা পোশাকে, আবার কোথাও ডেনিম ড্রেসে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ছবিগুলির সঙ্গে ক্যাটরিনা লিখেছেন, “তুমি আমার জীবনের সবচেয়ে অমূল্য আশীর্বাদ। কৃতজ্ঞ হয়ে তোমার দিকেই তাকিয়ে থাকি। শ্রেষ্ঠ জন্মদিন কাটালাম।” এই পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর।
এর আগে স্ত্রীর জন্মদিন উপলক্ষে একটি বিশেষ ছবি পোস্ট করেছিলেন ভিকি কৌশল। সেখানে সাদা ও সোনালি বেলুনে সাজানো জন্মদিনের পটভূমিতে ক্যাটরিনাকে জড়িয়ে ধরে থাকতে দেখা যায় অভিনেতাকে। হাতে কেকের টুকরো, মুখে প্রশস্ত হাসি— সেই ছবির সঙ্গে ভিকি লিখেছিলেন, “প্রিয়তমার জন্মদিন।”এবারের জন্মদিনের আয়োজন ছিল একেবারেই ঘরোয়া ও সাদামাটা। ক্যাটরিনার পরনে ছিল ঢিলেঢালা নীল পোশাক, মুখে প্রায় কোনও মেকআপ ছিল না। অন্যদিকে ভিকি পরেছিলেন সাদা শার্ট ও গাঢ় রঙের প্যান্ট। জাঁকজমকের বদলে পরিবারের উষ্ণতা, স্বামী-স্ত্রীর ভালোবাসা এবং ছোট্ট বিহানকে ঘিরে কাটানো মুহূর্তই এবারের জন্মদিনকে স্মরণীয় করে তুলেছে।






