পালাবদলের বঙ্গে ফের বড় ধাক্কা ঘাসফুলে! মধ্যরাতে বাড়ি থেকে গ্রেফতার খড়গপুরের প্রভাবশালী তৃণমূল নেতা
স্থানীয় রাজনৈতিক মহলে দেবাশিস দীর্ঘদিন ধরেই প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত
Truth of Bengla: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন মামলায় একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছেন। দুর্নীতি, জমি দখল, ভয় দেখানো এবং বিরোধীদের উপর হামলার অভিযোগে এবার গ্রেপ্তার করা হল খড়গপুরের প্রভাবশালী তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী ওরফে মুনমুনকে। বর্তমানে তিনি দলের জেলা সভাপতির দায়িত্বে রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে খড়গপুরের বাড়ি থেকে দেবাশিসকে গ্রেপ্তার করে খড়গপুর টাউন থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে এক মহিলাকে খুনের হুমকি, ভয় দেখানো, জমি দখলের চেষ্টা এবং খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি।
স্থানীয় রাজনৈতিক মহলে দেবাশিস দীর্ঘদিন ধরেই প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। অভিযোগ, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন তাঁর বিরুদ্ধে দুর্নীতি, জমি দখল, বিরোধীদের মারধর এবং ভয় দেখানোর একাধিক অভিযোগ উঠেছিল। যদিও সেই অভিযোগগুলির সত্যতা তদন্তসাপেক্ষ। দেবাশিস একসময় খড়গপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন। ২০০০ সালে কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন তিনি। পরে দলবদল করে তৃণমূলে যোগ দেন। ২০০৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত খড়গপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলান।
২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ফের পুরসভার কাউন্সিলর ছিলেন দেবাশিস। বর্তমানে তিনি তৃণমূলের জেলা সভাপতি পদে রয়েছেন। তাঁর স্ত্রী নমিতা চৌধুরী খড়গপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। পুলিশ জানিয়েছে, ধৃত নেতার বিরুদ্ধে আরও কোনও অভিযোগ বা পুরনো মামলা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। রবিবার দেবাশিস চৌধুরীকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ।


