আন্তর্জাতিক

অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, আছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে

Sick Khaleda Zia's physical condition is improving, she is under the observation of expert doctors

The Truth Of Bengal : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, তাঁকে সারাক্ষণ বিশেষজ্ঞ চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। গত বুধবার দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। তিনি অসুস্থবোধ করলে মেডিক্যাল বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখেন।

গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন পাঁচ মাস তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। চলতি বছরের গত ১১ জানুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। তারপর থেকে তিনি বাড়িতেই আছেন। হাসপাতালে থাকাকালীন উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে সরকারের কাছে অনুমতি চেয়েছিল তাঁর পরিবার। কিন্তু, সরকার সেই অনুমতি দেয়নি। পরে ব্রিটেন থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছিল।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হয়েছিলেন। দু’বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন তিনি। ২০২০ সালের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল খালেদা জিয়াকে। তারপর থেকে ৬ মাস পরপর তাঁর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা হয়েছিল খালেদা জিয়ার।

Related Articles