ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ট্রাম্প? উইকিপিডিয়ার স্ক্রিনশট ঘিরে তুমুল জল্পনা
প্রযুক্তির সাহায্যে মূল তথ্যের সঙ্গে ওই লাইন জুড়ে দেওয়া হয়ে থাকতে পারে।
Truth Of Bengal: ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে ডোনাল্ড ট্রাম্প— এমনই বিস্ময়কর দাবি ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা। সোমবার সকালে (ভারতীয় সময় অনুযায়ী) সমাজমাধ্যমে একটি উইকিপিডিয়ার স্ক্রিনশট পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই পোস্ট ঘিরেই আন্তর্জাতিক মহলে কৌতূহল ও বিতর্ক দানা বাঁধে।

ট্রাম্পের শেয়ার করা স্ক্রিনশটে তাঁর নাম ও ছবি-সহ পরিচয় দেওয়া হয়েছে আমেরিকার ৪৫তম এবং ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে, যা তথ্যগত ভাবে সঠিক। কিন্তু তার উপরে অতিরিক্ত ভাবে লেখা রয়েছে— ‘অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ভেনেজুয়েলা’। এমনকি সেখানে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকেই তিনি নাকি ওই দায়িত্ব পালন করছেন। অথচ ট্রাম্পের অফিসিয়াল উইকিপিডিয়া পাতায় ভেনেজ়ুয়েলার কোনও পদমর্যাদার উল্লেখ নেই।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এটি উইকিপিডিয়ার একটি নকল বা সম্পাদিত পেজের স্ক্রিনশট। প্রযুক্তির সাহায্যে মূল তথ্যের সঙ্গে ওই লাইন জুড়ে দেওয়া হয়ে থাকতে পারে। ট্রাম্প ওই পোস্টের সঙ্গে কোনও ব্যাখ্যা বা মন্তব্য না করায়, তিনি কেন এমন স্ক্রিনশট শেয়ার করলেন তা নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতির প্রেক্ষিতে সে দেশের উপর মার্কিন প্রভাবের বার্তাই হয়তো দিতে চেয়েছেন ট্রাম্প। উল্লেখযোগ্য ভাবে, মাদুরোকে আটক করে আমেরিকায় নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলার অন্তর্বর্তিকালীন সরকারের সঙ্গে একটি বড় তেলচুক্তি করেছে যুক্তরাষ্ট্র।
চুক্তি অনুযায়ী, ভেনেজুয়েলা আমেরিকাকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল উচ্চমানের অপরিশোধিত তেল সরবরাহ করবে, যা বাজারদরেই বিক্রি হবে। ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন, এই তেল বিক্রির অর্থের নিয়ন্ত্রণ থাকবে তাঁর হাতে। এই তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার।
বিশ্বের অন্যতম বৃহৎ তৈলভাণ্ডারের উপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর ট্রাম্পের ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ সংক্রান্ত এই পোস্টকে নিছক কৌতুক না বলে রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন অনেকেই।






