Fordow Nuclear Site: ফোরডো পারমাণবিক ঘাঁটির নির্মাণ ফের শুরু, ইরানকে ঘিরে নতুন উদ্বেগ আমেরিকা-ইজরায়েলের
রবিবার, ২৯শে জুন প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইরানের গুরুত্বপূর্ণ ফোরডো পারমাণবিক ঘাঁটিতে পুরোদমে কাজ চলছে।
Truth of Bengal: মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের চড়ছে। সাম্প্রতিক যুদ্ধবিরতির আবহেও ইরান ও ইজরায়েলের মধ্যে যে অবিশ্বাস এখনও প্রবল, তা ফের স্পষ্ট হল। এবার সেই উদ্বেগ আরও বাড়াল ইরানের ফোরডো পারমাণবিক কেন্দ্রে ফের শুরু হওয়া নির্মাণকাজ।রবিবার, ২৯শে জুন প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইরানের গুরুত্বপূর্ণ ফোরডো পারমাণবিক ঘাঁটিতে পুরোদমে কাজ চলছে। আমেরিকার বেসরকারি স্যাটেলাইট সংস্থা ম্যাক্সার টেকনোলজির প্রকাশিত ছবিতে ধরা পড়েছে ক্রেন, বুলডোজার, লরি ও মাটি কাটার যন্ত্রের কার্যকলাপ। এমনকি ঘাঁটির আশেপাশে নতুন রাস্তা তৈরির কাজও শুরু হয়েছে বলে স্পষ্ট দেখা গিয়েছে ওই ছবিতে (Fordow Nuclear Site)।
আরও পড়ুনঃ South Bengal Weather: সপ্তাহ জুড়ে চলবে দুর্যোগ! দক্ষিণবঙ্গের কোথায় কোথায় হবে ভারী বর্ষণ?
এই চিত্র সামনে আসতেই স্বভাবতই অস্বস্তি বেড়েছে আমেরিকা ইজরায়েল সরকারের মধ্যে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র তরফে জানানো হয়েছে, মার্কিন হামলায় কাঠামোগত কিছু ক্ষতি হলেও ইরানের পরমাণু ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়নি। সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেন, “ইরান আগামী কয়েক মাসের মধ্যেই ফের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কর্মসূচি শুরু করতে পারে।” প্রসঙ্গত, গত ২২শে জুন ইরান ও ইজরায়েলের সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে আমেরিকা। মার্কিন সেনাদের তরফে চালানো হামলায় তেহরানের অন্তত তিনটি পারমাণবিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে অন্যতম ছিল ফোরডো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সময় দাবি করেছিলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে (Fordow Nuclear Site)।”
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
তবে ট্রাম্পের সেই দাবি যে পুরোপুরি সত্য নয়, তা ইঙ্গিত দিয়েছে ইরান সরকার ও স্যাটেলাইট চিত্র। ইরান শুরু থেকেই জানিয়ে আসছে, মার্কিন হামলায় কিছুটা ক্ষতি হয়েছে ঠিকই, তবে সেটি কার্যক্রমে বাধা দেওয়ার মতো নয়। ফোরডো ঘাঁটিতে চলতে থাকা এই নির্মাণ যে এক নতুন সংকেত দিচ্ছে, তা বলাই বাহুল্য। এবার নজর থাকছে আমেরিকা ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের দিকে। কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে তারা? মধ্যপ্রাচ্যে ফের কি বড় সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে? প্রশ্ন উঠছে কূটনৈতিক মহলে (Fordow Nuclear Site)।






