আন্তর্জাতিক

১০ দিনের যুদ্ধবিরতিতে বড় স্বস্তি! হরমুজ প্রণালী খুলে দিল ইরান

ইরানের বন্দর দিয়ে যাতায়াত করবে সব জাহাজ, স্বস্তিতে বিশ্ব অর্থনীতি।

Truth of Bengal: বিশ্ব রাজনীতিতে বড়সড় চমক! দীর্ঘ সংঘাতের শেষে পশ্চিম এশিয়ায় বইতে শুরু করল শান্তির হাওয়া। লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান। বৃহস্পতিবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (পূর্বতন টুইটার) এই ঐতিহাসিক ঘোষণা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইজরায়েলের মধ্যে ১০ দিনের সংঘর্ষবিরতি ঘোষণার ঠিক পরেই তেহরানের এই পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে বড় স্বস্তি নিয়ে এল।

হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবরের সত্যতা নিশ্চিত করে খোদ ডোনাল্ড ট্রাম্পও সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন। ইরানকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প লিখেছেন, “ইরান এইমাত্র ঘোষণা করল যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। জাহাজ পারাপারের জন্য তা এখন প্রস্তুত। ধন্যবাদ!” উল্লেখ্য, লেবানন ও ইজরায়েলের নেতাদের মুখোমুখি বৈঠকে বসানোর যে কূটনৈতিক লড়াই ট্রাম্প শুরু করেছিলেন, এটি তারই প্রথম বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। ইরান শুরু থেকেই জানিয়েছিল, আমেরিকার সঙ্গে আলোচনার টেবিলে বসতে হলে লেবাননে যুদ্ধ থামাতে হবে।

ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি তাঁর বার্তায় স্পষ্ট করেছেন যে, ইসলামিক রিপাবলিক অফ ইরানের বন্দর এবং জাহাজ সংগঠন ইতিমধ্যে চলাচলের নিরাপদ পথের মানচিত্র প্রকাশ করেছে। তিনি লিখেছেন, “লেবাননে যুদ্ধবিরতি হয়েছে। সেই যুদ্ধবিরতির দিনগুলিতে হরমুজ দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে।” ইরানের এই নমনীয় মনোভাবের ফলে আমেরিকা ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি বৈঠকের পথ আরও প্রশস্ত হল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

এই ঘোষণার প্রভাব সরাসরি পড়েছে বিশ্ব বাজারে। সংবাদ সংস্থা এপি-র রিপোর্ট অনুযায়ী, হরমুজ প্রণালী খুলে যাওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ১০ শতাংশ কমে গিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। বছরের পর বছর চলা উত্তেজনা কাটিয়ে পশ্চিম এশিয়ার আকাশ থেকে যুদ্ধের কালো মেঘ কি তবে চিরতরে সরতে চলেছে? ইরানের এই ‘মাস্টারস্ট্রোক’ এখন সেই আশার আলোই দেখাচ্ছে বিশ্ববাসীকে।