আন্তর্জাতিক

জর্জিয়া ও আমেরিকায় ধরা পড়ল ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টাররা, ফেরানো হবে দেশে

তদন্তকারী সংস্থার  তরফে জানান হয়েছে বর্তমানে ২০ জনেরও বেশি ভারতীয় গ্যাংস্টার বিদেশে পালিয়ে থেকে নানাভাবে অপরাধচক্র চালাচ্ছে।

Truth Of Bengal: বিদেশে পালিয়ে থাকা ভারতের দুই অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টারকে গ্রেফতার করেছে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি। হরিয়ানার পুলিশ-সহ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় বিশেষ অভিযানে জর্জিয়া  থেকে ধরা পড়েছে ভেঙ্কটেশ গর্গ, আর  মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছেন লরেন্স বিষ্ণোই চক্রের অন্যতম সদস্য ভাবনু রানা ওরফে ভানু রানা। দু’জনকেই খুব শিগগির ভারতে প্রত্যর্পণ করা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে। তদন্তকারী সংস্থার  তরফে জানান হয়েছে বর্তমানে ২০ জনেরও বেশি ভারতীয় গ্যাংস্টার বিদেশে পালিয়ে থেকে নানাভাবে অপরাধচক্র চালাচ্ছে। আর সেইজন্য চলছে তল্লাশি অভিযান।

হরিয়ানার নারায়ণগড়ের বাসিন্দা ভেঙ্কটেশ গর্গ বর্তমানে জর্জিয়ায় বসবাস করছিলেন। তাঁর বিরুদ্ধে ভারতে দশটিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। গুরগাঁওয়ে বাহুজন সমাজ পার্টির (বিএসপি) এক নেতার হত্যাকাণ্ডে জড়িত থাকার পর দেশ ছেড়ে পালিয়ে যান গর্গ।তদন্তে জানা গিয়েছে, গর্গ বিদেশে বসে হরিয়ানা, রাজস্থান, দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য থেকে যুবকদের দলে টানছিলেন। তিনি বিদেশে অবস্থানরত অপর গ্যাংস্টার কপিল সাঙ্গওয়ানের সঙ্গে যৌথভাবে চাঁদাবাজির চক্র চালাচ্ছিলেন। গত অক্টোবরে দিল্লি পুলিশ সাঙ্গওয়ানের চার শ্যুটারকে গ্রেফতার করে, যারা এক প্রভাবশালী ব্যবসায়ীর বাড়ি ও ফার্মহাউসে গুলি চালানোর ঘটনায় যুক্ত ছিল।

অন্যদিকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত ভানু রানা দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। কর্নালের বাসিন্দা রানা হরিয়ানা, পাঞ্জাব ও দিল্লি জুড়ে অপরাধ জগতে সক্রিয়। তাঁর নামে একাধিক মামলা নথিভুক্ত আছে।পাঞ্জাবে একটি গ্রেনেড হামলার তদন্ত চলাকালীন রানা’র নাম সামনে আসে। চলতি বছরের জুন মাসে কর্নালের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে, যাদের কাছ থেকে হ্যান্ড গ্রেনেড, পিস্তল এবং গুলি উদ্ধার হয়। ধৃতদের জেরায় জানা যায়, তারা ভানু রানা’র নির্দেশে কাজ করছিল।নিরাপত্তা সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, গর্গ ও রানা দু’জনেই আন্তর্জাতিক স্তরে অপরাধচক্র চালাচ্ছিলেন। তাঁদের গ্রেফতারি ভারতের জন্য বড়সড় সাফল্য।দু’জনকেই শিগগির ভারতে ফেরত আনা হবে বলে জানা গেছে, যাতে তাঁদের বিরুদ্ধে চলমান মামলাগুলির তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়।