আন্তর্জাতিক

Hurricane Melissa: মেলিসার ভয়াল রূপে মৃত্যু ৩০ জনের! জামাইকা ও হাইতিতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা

নজিরবিহীন এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত জামাইকা এবং হাইতি মিলিয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Truth of Bengal: ক্যারিবিয়ান অঞ্চলে আঘাত হানা হারিকেন মেলিসা জামাইকায় নজিরবিহীন ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে জামাইকার পাশাপাশি কিউবার পূর্বাঞ্চল এবং হাইতির কিছু অংশও বিধ্বস্ত হয়েছে। ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগের ভয়ংকর ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিম জামাইকার নিউ হোপের কাছে আছড়ে পড়ে, যা গত ১৭৪ বছরে জামাইকার দেখা সবচেয়ে শক্তিশালী ঝড়। নজিরবিহীন এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত জামাইকা এবং হাইতি মিলিয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জামাইকায় ঝড়ের দাপটে অসংখ্য গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে, যার ফলে বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এখনও প্রায় দুই লক্ষ মানুষ অন্ধকারে রয়েছেন। তবে হাসপাতালগুলোতে এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। উপকূলবর্তী অঞ্চলের বাড়ি, দোকানপাট সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং অধিকাংশ রাস্তা বন্ধ।প্রশাসনের তৎপরতায় আগে থেকেই স্থানীয়দের নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছিল, যার ফলে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান জামাইকায় এই ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় ২৫ হাজার পর্যটক আটকে পড়েছেন। বিমান পরিষেবা বন্ধ থাকায় আপাতত তাঁদের ঘরে ফেরার কোনো উপায় নেই।

প্রশাসন নিশ্চিত করেছে যে জামাইকা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ঘূর্ণিঝড়ের সাক্ষী হয়েছে। বর্তমানে প্রায় ২৫ হাজার মানুষ বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন।

Related Articles