রাশিয়া থেকে খনিজ তেল কেনার ক্ষেত্রে ছাড় পেল হাঙ্গেরি, কারণ জানালেন ট্রাম্প
জানা গিয়েছে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান গিয়েছেন হোয়াইট হাউসে।
Truth Of Bengal: রাশিয়া থেকে খনিজ তেল কেনার ক্ষেত্রে মাত্র একটি দেশকে ছাড় দেওয়া হবে আমেরিকার তরফ থেকে আর সেটা হল ইউরোপের হাঙ্গেরি। শুক্রবার হোয়াইট হাউস থেকে বিষয়টি ঘোষণা করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে। যদিও কেন তাদের এই ছাড় দেওয়া হয়েছে, তার ব্যাখ্যাও দেন রিপাব্লিকান নেতা।
জানা গিয়েছে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান গিয়েছেন হোয়াইট হাউসে। সেখানে তিনি বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তা সেরে মার্কিন প্রেসিডেন্ট নিজের অবস্থান জানান। তিনি বলেন, “হাঙ্গেরি পক্ষে সম্ভব নয় রাশিয়া ছাড়া অন্য কোনও দেশ থেকে তেল বা গ্যাস কেনা। খুব কঠিন ওদের কাছে। তাই ওদেরকে আমাদের তরফ থেকে ছাড় দেওয়া হবে বিধিনিষেধের ক্ষেত্রে।” বলে রাখা ভালো, গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র নিষিদ্ধ করেছিল রাশিয়ার দুটি বড় খনিজ তেল সংস্থাকে এবং জানিয়ে দিয়েছিল যে যদি কোন দেশ তাদের থেকে তেল কেনে, তাহলে চাপানো হবে কঠিন নিষেধাজ্ঞা। তবে এক্ষেত্রে ছাড় পেল হাঙ্গেরি।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প উঠে পড়ে লেগেছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতি সংঘর্ষ বন্ধ করতে। নানাভাবে তিনি চেষ্টা করেছেন। কিন্তু এখনো পর্যন্ত সফল হয়ে ওঠেননি। তবে আন্তর্জাতিক রাজনীতিতে হইচই পড়ে যায় যখন তিনি ভারতের উপর বাড়তি শুল্ক চাপান রাশিয়া থেকে তেল কেনার জন্য। যদিও নয়াদিল্লির তরফ থেকেও এটা পরিষ্কার করে দেওয়া হয় যে দেশের চাহিদা অনুযায়ী, তারা যাবতীয় সিদ্ধান্ত নেবে।



