Donald Trump: “মোদি আমার ভালো বন্ধু,” বললেন ট্রাম্প; কী আলোচনা হল দুই রাষ্ট্রনেতার?
তার মাঝেই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ওভাল হাউসে এবং এই ব্যাপারে জানান। যদিও পরে নরেন্দ্র মোদিও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার বিষয়টি তুলে ধরেন সমাজমাধ্যমে।
Truth of Bengal: ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে শোনা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হওয়ার দাবি। শুধু তাই নয়, দুজনের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে, সেই ব্যাপারেও জানান রিপাবলিকান নেতা। দীপাবলি উদযাপন করা হয় হোয়াইট হাউসে। তার মাঝেই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ওভাল হাউসে এবং এই ব্যাপারে জানান। যদিও পরে নরেন্দ্র মোদিও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার বিষয়টি তুলে ধরেন সমাজমাধ্যমে।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আজই আমার কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। উনি আমার ভালো বন্ধু বছরের পর বছর ধরে।” এর পাশাপাশি তিনি সকল ভারতবাসীকে শুভেচ্ছা জানান দীপাবলির। দুজনের মধ্যে কি ব্যাপারে কথা হয়েছে, সেই প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট জবাবে বলেন, “আমাদের মধ্যে অনেককিছু নিয়েই আলোচনা হয়েছে। তবে বেশিরভাগ ছিল বাণিজ্য নিয়ে।” যদিও এই সংক্রান্ত আলোচনা নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে ফের তাঁর মুখের শোনা গেল রাশিয়া থেকে তেল কেনার বিষয়টি। ট্রাম্প বলেন, “খুব ভালো সম্পর্ক আমাদের মধ্যে। উনি বলেছেন খুব বেশি তেল কিনবেন না রাশিয়া থেকে। উনিও আমার মতো রুশ-ইউক্রেন যুদ্ধের শেষ দেখতে চান।”
এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথাবার্তার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি দীপাবলীর শুভেচ্ছা জানানোর বিষয়টিও তুলে ধরেন। শেষে তিনি বলেন, “দুই দেশ এক হয়ে দাঁড়াবে সবরকমের সন্ত্রাসবাদের বিরুদ্ধে।”






