দেশ

শেষ অস্ত্র সোনিয়া-মমতা! স্ট্যালিন-পওয়ারকে বোঝাতে মরিয়া ইন্ডি জোট

সূত্র বলছে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ডিলিমিটেশন রোখার একটা শেষ চেষ্টা করতে চাইছেন।

Truth of Bengal: ডিলিমিটেশন বিল রুখতে শেষ মুহূর্তে আসরে নামছেন সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন এবং শরদ পওয়ারকে বোঝাতে চেন্নাই ও মুম্বই সফরের পরিকল্পনা করেছেন ইন্ডি জোটের শীর্ষ নেতারা। তাঁদের সঙ্গে থাকার কথা মল্লিকার্জুন খাড়্গে ও রাহুল গান্ধীর। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

সূত্রের দাবি, শনিবার রাতেই দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল। এরপর সোনিয়া, মমতা ও অন্য বিরোধী নেতারা চেন্নাইয়ে গিয়ে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করতে পারেন। দুপুর দুটো নাগাদ সেই বৈঠকের সম্ভাবনা রয়েছে। এরপর মুম্বইয়ে গিয়ে রাত আটটা নাগাদ শরদ পওয়ারের সঙ্গে আলোচনায় বসার কথা তাঁদের।

মূলত ডিলিমিটেশন বিল নিয়ে স্ট্যালিন ও পওয়ারের অবস্থান ঘিরেই বিরোধী শিবিরে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্রের খবর, তাঁদের সমর্থন আদায়ের জন্য রাহুল গান্ধীরা আগেই যোগাযোগের চেষ্টা করেছিলেন। তবে এবার সরাসরি আলোচনার দায়িত্ব নিতে পারেন সোনিয়া ও মমতা। বিরোধী শিবিরে দুই নেত্রীর গ্রহণযোগ্যতাকেই শেষ মুহূর্তের কৌশল হিসেবে কাজে লাগাতে চাইছে কংগ্রেস।

অতীতে শরদ পওয়ারের সঙ্গে জোট সরকার চালানোর অভিজ্ঞতা রয়েছে সোনিয়ার। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্ট্যালিনের রাজনৈতিক সম্পর্কও ভালো। তাই তাঁদের সামনে রেখেই বিরোধীদের একজোট করার শেষ চেষ্টা চলছে বলে খবর। তবে এই উদ্যোগে আদৌ স্ট্যালিন ও পওয়ারের অবস্থান বদলাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

Related Articles