আমেরিকায় ফের নিখোঁজ ভারতীয় ছাত্র! বার্কলে লেকের ধার থেকে উধাও আইআইটি-মাদ্রাজের প্রাক্তনী
কেতের অন্তর্ধানের বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন তাঁর রুমমেট বনিত সিং।
Truth Of Bengal: আমেরিকায় ফের এক ভারতীয় ছাত্রের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ ওই যুবকের নাম সাকেত শ্রীনিবাসাইয়া (২২), যিনি আদতে কর্নাটকের বাসিন্দা। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী ছাত্র গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ বলে জানা গিয়েছে। বার্কলে এলাকার লেক আনজারের কাছে তাঁকে শেষবার দেখা গিয়েছিল, তারপর থেকেই তাঁর আর কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় স্বাভাবিকভাবেই সাকেতের পরিবার ও প্রবাসী ভারতীয়দের মধ্যে উদ্বেগের ছায়া নেমে এসেছে।
সাকেতের অন্তর্ধানের বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন তাঁর রুমমেট বনিত সিং। তিনি সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে বন্ধুর খোঁজ পেতে সকলের সাহায্য প্রার্থনা করেন। জানা গিয়েছে, সাকেত একজন কৃতি ছাত্র। ২০২৫ সালে তিনি আইআইটি-মাদ্রাজ থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন এবং এরপর উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমান আমেরিকায়। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। লেক আনজার এলাকায় তিনি একাই গিয়েছিলেন না কি তাঁর সঙ্গে অন্য কেউ ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই তৎপর হয়েছে সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাস। তারা ক্যালিফোর্নিয়ার স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তদন্তের গতিপ্রকৃতির ওপর নজর রাখছে। দূতাবাস তাদের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে উদ্বেগের কথা জানিয়ে লিখেছে যে, তারা সাকেতের পরিবারের পাশে রয়েছে এবং তাঁকে খুঁজে বের করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রাখা হচ্ছে। লেক আনজার ও তার আশপাশের এলাকায় জোরদার তল্লাশি চালাচ্ছে আমেরিকার পুলিশ।






