দেশ

বেঙ্গালুরুতে মোদির কনভয়ে নাশকতার বড় ষড়যন্ত্র! রাস্তার ধার থেকে উদ্ধার জিলেটিন স্টিক

এই ঘটনার পরপরই গোটা এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। 

বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের ঠিক আগে তাঁর যাত্রাপথ থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বেঙ্গালুরুর ‘আর্ট অফ লিভিং’ সেন্টারে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু মোদীর কনভয় সেই পথ দিয়ে যাওয়ার আগেই কাগ্গালিপুরা এলাকার থাথাগুনির কাছ থেকে বেশ কিছু জিলেটিন স্টিক উদ্ধার করেন তদন্তকারীরা। এই ঘটনার পরপরই গোটা এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

তদন্তের নেপথ্যে থাকা ঘটনাপ্রবাহ থেকে জানা যাচ্ছে, রবিবার ভোরে স্থানীয় থানায় একটি সন্দেহজনক ফোন আসে। এক ব্যক্তি ফোনে দাবি করেন যে, এইচএএল (HAL) বিমানবন্দর এবং আর্ট অফ লিভিং সেন্টারের কাছে বিস্ফোরণ হতে পারে। এই খবর পাওয়ার পরেই পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। বিমানবন্দরের কাছে সন্দেহজনক কিছু না মিললেও, প্রধানমন্ত্রীর প্রস্তাবিত যাত্রাপথের ধার থেকেই জিলেটিন স্টিকগুলো উদ্ধার হয়। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ দ্রুত ফোন কলটি ট্র্যাক করে এবং কোরামাঙ্গলা এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, ধৃত ব্যক্তি এর আগেও ভিআইপি সফরের সময় এই ধরনের উস্কানিমূলক ফোন করেছেন। অতীতেও তাঁকে আটক করা হয়েছিল, কিন্তু মানসিক ভারসাম্যহীনতার কথা জানতে পেরে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। তবে এবারের বিষয়টি আলাদা, কারণ এবার শুধু হুমকি নয়, রাস্তা থেকে সরাসরি বিস্ফোরক উদ্ধার হয়েছে। অভিযুক্তের পাশাপাশি তাঁর বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ খতিয়ে দেখছে, বিস্ফোরকগুলো কোথা থেকে এল এবং এই ঘটনার পেছনে বড় কোনও ষড়যন্ত্র বা অন্য কারোর ইন্ধন রয়েছে কি না।

Related Articles