দেশ

Air India: ডিজিসিএর রোষে ফের এয়ার ইন্ডিয়া, লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি নিয়ন্ত্রক সংস্থার

এবার সরাসরি লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিল অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA)।

Truth of Bengal: একের পর এক গাফিলতির অভিযোগে ফের বিপাকে দেশের অন্যতম বৃহৎ বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এবার সরাসরি লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিল অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA)। সংস্থাটির তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, ধারাবাহিক গাফিলতি আর কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রয়োজন হলে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে, এমনকি বাতিল করা হতে পারে এয়ার ইন্ডিয়ার লাইসেন্সও (Air India)।

সূত্রের খবর, শনিবার ডিজিসিএর পক্ষ থেকে তিনজন উচ্চপদস্থ আধিকারিককে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত আধিকারিকরা হলেন— চূড়া সিং (ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট), পিঙ্কি মিত্তল (চিফ ম্যানেজার, অপারেশনস-ক্রু শিডিউলিং) এবং পায়েল অরোরা (ক্রু শিডিউলিং প্ল্যানিং)। সংস্থার তরফে জানানো হয়েছে, ডিজিসিএ-র নির্দেশ মেনে ইতিমধ্যেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে (Air India)।

আরও পড়ুন: Kamakhya Temple: কেন অম্বুবাচীতে কৃষিকাজ নিষিদ্ধ?

ডিজিসিএ তাদের রিপোর্টে উল্লেখ করেছে, এয়ার ইন্ডিয়ার ক্রু শিডিউলিং, নিয়ম মেনে চলা ও অভ্যন্তরীণ জবাবদিহি সংক্রান্ত বিষয়ে গুরুতর গাফিলতি রয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, এতদিনেও সংশ্লিষ্ট দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। রিপোর্ট অনুযায়ী, গত ১৬ মে এবং ১৭ মে, বেঙ্গালুরু থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার দুটি ফ্লাইট (AI133) পরিচালনা করেন সংস্থার অ্যাকাউন্টেবল ম্যানেজার। অভিযোগ, ওই দুটি ফ্লাইটই নির্ধারিত সর্বাধিক ১০ ঘণ্টার উড়ান সময়সীমা ছাড়িয়ে গিয়েছিল, যা নিয়ম লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ। এই স্পট চেকের ভিত্তিতেই ডিজিসিএ কড়া পদক্ষেপ নিতে চলেছে (Air India)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

বর্তমানে ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে ১০ দিনের সময় দিয়েছে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিতে। সেই সময়সীমার মধ্যেই উপযুক্ত জবাব না এলে সংস্থার বিরুদ্ধে চূড়ান্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। গোটা ঘটনায় একদিকে যেখানে সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে, অন্যদিকে প্রশ্ন উঠছে— নিরাপত্তা ও নিয়মকানুন নিয়ে কতটা দায়িত্বশীল এয়ার ইন্ডিয়ার বর্তমান প্রশাসন? এই ঘটনার পর এয়ার ইন্ডিয়ার ওপর নিয়ন্ত্রক সংস্থার নজর আরও কড়াভাবে পড়বে বলেই মনে করা হচ্ছে (Air India)।

Related Articles