দেশ

১৬ বছরের জাতীয় বাস্কেটবল তারকার মর্মান্তিক মৃত্যু, হরিয়ানায় শোকের ছায়া

জানা যায়, প্র্যাকটিস চলাকালীন সময় একটি লোহার বাস্কেটবল পোল হঠাৎ ভেঙে পড়ে তার উপর, এবং মুহূর্তেই ঘটে মারাত্মক বিপর্যয়।

Truth Of Bengal: মাত্র ১৬ বছর বয়সে জাতীয় স্তরের এক প্রতিভাবান বাস্কেটবল খেলোয়াড় হার্দিক রাঠি প্রাণ হারালেন একটি মর্মান্তিক দুর্ঘটনায়। ঘটনা ঘটেছে হরিয়ানার রোহত এলাকায়। জানা যায়, প্র্যাকটিস চলাকালীন সময় একটি লোহার বাস্কেটবল পোল হঠাৎ ভেঙে পড়ে তার উপর, এবং মুহূর্তেই ঘটে মারাত্মক বিপর্যয়।

প্রত্যক্ষদর্শী সূত্র এবং সিসিটিভি ফুটেজে দেখা যায়, হার্দিক একাই কোর্টে প্র্যাকটিস করছিলেন। তিনি হুপে ঝুলে কিছু মুভ প্র্যাকটিস করার সময়ই নড়বড়ে ধাতব পোল আচমকা বেঁকে গিয়ে তার বুকের উপর পড়ে। কয়েক সেকেন্ড পর্যন্ত পোলের নিচে চাপা পড়ে থাকার পর পাশে থাকা অন্য খেলোয়াড়রা এসে তাকে উদ্ধার করেন। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও হার্দিকের প্রাণ বাঁচানো যায়নি।

এই দুর্ঘটনার পর রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। হরিয়ানা অলিম্পিক অ্যাসোসিয়েশন তিন দিনের জন্য সমস্ত ক্রীড়া উৎসব ও ইভেন্ট স্থগিত ঘোষণা করেছে। স্থানীয়রা জানান, হার্দিক সম্প্রতি জাতীয় দলে নির্বাচিত হয়েছিলেন এবং কিছুদিন আগে একটি প্রশিক্ষণ শিবির থেকে ফিরে এসেছিলেন। তাঁর বাবা সন্দীপ রাঠি হার্দিক এবং তাঁর ছোট ভাইকে খেলার সুযোগ দিতে স্থানীয় একটি স্পোর্টস ক্লাবে ভর্তি করিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর যথাযথ মামলা নথিভুক্ত করা হয়েছে এবং ময়নাতদন্তের পর হার্দিকের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই আকস্মিক ও তরুণ প্রতিভার মৃত্যু পুরো ক্রীড়াজগতকে শোকস্তব্ধ করেছে। পাশাপাশি, স্থানীয় কোর্টগুলিতে নিরাপত্তা মানদণ্ডের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত যাতে এমন দুর্ঘটনা পুনরায় না ঘটে, সেটাই এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু।

Related Articles