বিহারের মোতিহারীতে নৌকাডুবি! তিন জনের মর্মান্তিক মৃত্যু, ১১ জনকে উদ্ধার
নদীর জল ফুলে ওঠায় প্রবল স্রোতের মধ্যে নৌকার ভারসাম্য নষ্ট হয়ে যায় বলে প্রাথমিক অনুমান।
Truth Of Bengal: বিহারের মোতিহারী জেলায় ভয়াবহ নৌকাডুবির ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে স্থানীয় একটি নদীতে ১৪ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় নৌকাটি মাঝনদীতে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, নৌকাটি ছোট আকারের ছিল, অথচ তাতে যাত্রীর সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক বেশি। নদীর জল ফুলে ওঠায় প্রবল স্রোতের মধ্যে নৌকার ভারসাম্য নষ্ট হয়ে যায় বলে প্রাথমিক অনুমান।
ঘটনাস্থলের আশপাশে থাকা অন্য নৌকাচালকরা দ্রুত এগিয়ে এসে উদ্ধারকাজে সহায়তা করেন। তাঁদের তৎপরতায় ১১ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তিন জন যাত্রী তলিয়ে যান। পরে স্থানীয় পুলিশ ও প্রশাসনের সাহায্যে তাঁদের দেহ উদ্ধার করা হয়। মৃতদের নাম কৈলাস সহানি (৫০), মুকেশ কুমার (২৫) এবং বাবুলাল সহানি (৩০)।
ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী বোঝাই ও নদীর প্রবল স্রোই দুর্ঘটনার কারণ।






